বয়স্ক দম্পতির সর্বস্ব লুট করল নকল ‘পুলিশ’
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। বরিশাল নগরীর একটি ক্লিনিকে বয়স্ক স্বামী-স্ত্রী প্রবেশের মুহূর্তে চার ব্যক্তি এসে পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে দাঁড়াতে বলে। নকল টাকা নিয়ে কিছু ব্যক্তি ওই ক্লিনিক সংলগ্ন এলাকায় রয়েছে এমন খবরের ভিত্তিতে তাদেরকে তল্লাশি করতে হবে। গ্রামের বয়স্ক দম্পতি সহজ মনে সেখানে দাঁড়িয়ে পড়লে পুলিশ বাহিনীর সদস্য পরিচয়ের ব্যক্তিরা তাদের শরীর থেকে শুরু করে ব্যবহৃত ব্যাগ তল্লাশি চালায়।
এ সময় বৃদ্ধার ভ্যানিটি ব্যাগে রক্ষিত স্বামীর অবসরের দেড় লাখ টাকা এবং তার শরীরে থাকা স্বর্ণালংকার নিয়ে চলে যায় পুলিশ বাহিনীর পরিচয়ের ছিনতাইকারীরা। স্বল্প সময়ের ব্যবধানে বিষয়টি ঘটে যাওয়ার পর বৃদ্ধা চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে বিষয়টি জানতে পারেন।
বুধবার (৪ এপ্রিল) ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর সদর রোডের শাহজাহান চৌধুরী বাড়ির গলিতে। ছিনতাইয়ের শিকার সোহরাব হোসেন শিকদার (৬৩) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ গ্রামের বাসিন্দা এবং কৃষ্ণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার স্ত্রী নুরুন্নাহার বেগম।
সোহরাব হোসেন শিকদার জানান, ‘দুই বছর পূর্বে আমি চাকরি থেকে অবসরে যাই। গত মঙ্গলবার বরিশাল থেকে সরকারি পাওনা এক লাখ ৪২ হাজার টাকা উঠিয়ে আমার স্ত্রীর ব্যাগে রাখি। বুধবার চিকিৎসার জন্য স্ত্রীকে সাথে নিয়ে মেডিসিন বিশেষজ্ঞ গোলাম মাহমুদ সেলিমের শরণাপন্ন হলে তিনি থেরাপি নেয়ার পরামর্শ দেন। তার পরামর্শ মোতাবেক নগরীর শাহজাহান চৌধুরী বাড়ীর সেভ হেলথ ক্লিনিক সংলগ্ন ট্রমা থেরাপির গেটে গেলে চার যুবক আমাদেরকে ঘেরাও করে’।
সোহরাব শিকদার আরও জানান, ‘লোকগুলো নিজেদেরকে পুলিশের লোক পরিচয় দিয়ে জানায়, এখানে নাকি জাল টাকার ব্যবসা হয়। আপনাদেরকে তল্লাশি করতে হবে। তল্লাশীর নাম করে পার্শ্ববর্তী এক গলিতে নিয়ে ব্যাগে থাকা এক লাখ ৪২ হাজার টাকা নিয়ে যায়। শুধু তাই নয় আমার স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইনও নিয়ে গেছে ছিনতাইকারীরা’।
নুরুন্নাহার বেগম জানান, ‘ব্যাগে রাখা টাকার কথা আমার খেয়াল ছিলো না। তাড়হুড়ো করে ওই ব্যাগ সাথে নিয়েই বরিশাল চলে আসি। কিন্তু আমাদের উপরে এমন বিপদ নেমে আসবে তা কল্পনাও করিনি। যে চার ব্যক্তি ছিলো তারা লম্বা ও সুস্বাস্থ্যের অধিকারী। নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে আমাদেরকে পাশেই একটি গলিতে নিয়ে সব নিয়ে যায়’।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সেভ হেলথ ক্লিনিকের আশেপাশে একাধিক রোগীর দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা প্রায়ই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এর পূর্বে একাধিকবার ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার সহকারী কমিশনার শাহনাজ পারভিন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিনতাইয়ের শিকার বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি’।




