213126

পিটিয়ে এসআই’র মাথা ফাটালেন বিশ্ববিদ্যালয় ছাত্র

ডেস্ক রিপোর্ট।। চট্টগ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) পিটিয়ে গুরুতর আহত করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র।

মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে নগরের কোতোয়ালী থানার আসকার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রুবেল নামের ওই যুবককে আটক করেছে।




আহত এসআই মো. কামরুজ্জামান নগরের পাহাড়তলী থানায় কর্মরত। রুবেল নিজেকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসআই কামরুজ্জামান মোটরসাইকেলে জামালখানের দিক থেকে কাজির দেউড়ির দিকে যাচ্ছিলেন। আসকার দিঘীর পাড় লোক প্রশাসন কেন্দ্রের সামনে রাস্তা পার হচ্ছিলেন এক তরুণী ও রুবেল। এ সময় কামরুজ্জামানের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তরুণী সামান্য আঘাত পান। কামরুজ্জামান মোটরসাইকেল দাঁড় করিয়ে দেখে শুনে পথ পার হওয়ার কথা বলেন তাদের। এতে ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন রুবেল। কামরুজ্জামানকে মারধর করতে থাকেন। কামরুজ্জামান নিজেকে পুলিশের এসআই পরিচয় দেওয়ার পরও মারধর করতে থাকেন রুবেল। একপর্যায়ে রুবেলকে জাপটে ধরে ফেলেন কামরুজ্জামান। ততক্ষণে ঘটনাস্থল থেকে চলে যান ওই তরুণী। পরে কোতোয়ালী থানার পুলিশ এসে রুবেলকে আটক করে নিয়ে যায়।

কোতয়ালী থানার এসআই রাজীব পাল সমকালকে বলেন, রুবেল এসআই কামরুজ্জামানকে বেধড়ক মারধর করেছে। তার মাথা ফেটে গেছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তরুণীর সামনে নিজেকে হিরো প্রমাণ করতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সে কামরুজ্জামানকে মারধর করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

ad

পাঠকের মতামত