হাঁসের সাথে এ কেমন বর্বরতা!
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল সাহানাবাদ কলোনীতে হাঁসের খামারে আগুন দিয়ে ৭৬০ টি হাঁসের বাচ্চা মেরে ফেলেছে দুস্কৃতিকারীরা। হাঁসের সাথে এ কেমন অমানবিক আচরণ করল দুস্কৃতিকারীরা!
মঙ্গলবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে সাঈদ আলীর ছেলে সাহাজান আলীর খামারে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে সাজাহান আলী বাদী হয়ে প্রতিবেশী রাশেদা ও তার ছেলে সাগরের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি এজাহার দাখিল করেন। বিবাদীগণ এমন বর্বরতার ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী জানান।
সরেজমিন ও অভিযোগ সুত্রমতে, মঙ্গলবার (৩ এপ্রিল) বিকালে বিবাদী রাশেদার ছাগল সাজাহানের ভুট্টা ক্ষেতের ক্ষয় ক্ষতি করে। এনিয়ে রাশেদাকে বলতে গেলে বাক বিতন্ডা হয়। বিতন্ডার এক পর্যায়ে রাশেদা ব্যাপক ক্ষয় ক্ষতি করা ও দেখে নেওয়ার হুমকি দেয়। কথা কাটাকাটির জের ধরে রাতেই সে সাজাহানের হাঁসের ঘরে আগুন দিলে ৭৬০টি হাঁস পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, একটি লিখিত এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




