ইসলামি নীতিতে নেই আন্দোলন ধর্মঘট : সৌদি আলেম
নিউজ ডেস্ক।। আন্দোলন, ধর্মঘট ইসলামি নীতিতে নেই বলে মন্তব্য করেছেন সৌদি আরবের সিনিয়র স্কলার অব কাউন্সিলের সদস্য শেখ সালেহ আল ফাউজান। আর সৌদি আলেমের এ ফতোয়াকে ব্যবহার করে গাজায় বিক্ষোভে অংশ না নিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে ইসলায়েলি সেনাদের একজন মুখপাত্র। খবর: মিডল ইস্ট মনিটর
সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই আলেমের ফতোয়াটির একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। যেখানে সৌদি আলেম দাবি করেছেন, আন্দোলন-সংগ্রাম, বিশৃঙ্খলা ও অরাজকতা ইসলামি নীতির মাঝে পড়ে না। ইসলাম এসব সহ্যও করে না।
সৌদি এ আলেম এমন এক সময়ে এ ফতোয়া দিয়েছেন যখন গাজাবাসী নিজেদের ভূমি ফিরে পাওয়ার লক্ষ্যে গাজা সীমান্তে আন্দোলন সংগ্রামে অব্যাহত রয়েছে। গত শুক্রবার থেকে এ পর্যন্ত ২০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার ফিলিস্তিনিরা ৪২তম ভূমি দিবস পালন করেন। ১৯৭৬ সালে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে ছয় ফিলিস্তিনি শহীদ হন। মর্মান্তিক এ ঘটনার স্মরণে ফিলিস্তিনিরা দিনটিকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছেন।




