212736

জাতীয় চলচ্চিত্র দিবসের উপস্থাপনায় তিন তারকা

এফডিসিতে ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হবে আগামীকাল মঙ্গলবার। জাঁকজমকপূর্ণভাবে দিবসটি পালন করতে দিনভর আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে উপস্থাপনা করবেন জনপ্রিয় তিন তারকা-ফেরদৌস, পিয়া জান্নাতুল ও ইমন।

চিত্রনায়ক ফেরদৌসকে গত কয়েক বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা যাচ্ছে। ট্রাভেলস শো, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর উপস্থাপনা দিয়ে সবার নজর কেড়েছেন পিয়া।

এ সম্পর্কে পিয়া বলেন, ‘এবার অনেক জমকালো আয়োজনে পালিত হবে চলচ্চিত্র দিবস। তাই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে যাচ্ছি। তাছাড়া আমি এই চলচ্চিত্রের একজন শিল্পী। আমার সঞ্চালনায় অনুষ্ঠানটি যাতে প্রাণবন্ত হয় সেই চেষ্টাই করবো।’

ইমন বলেন, ‘উপস্থাপনার জায়গা বেশ মজার। মাঝমেধ্যে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনুষ্ঠান উপস্থাপনা করতে আমার ভালো লাগে।’

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান: ফেরদৌস, পিয়া ও ইমনের উপস্থাপনার পাশাপাশি মাঝেমধ্যে মঞ্চে দেখা যাবে আমিন খান ও পূর্ণিমাকে।

আগামীকাল সকাল সকাল ৯টা ৩০ মিনিটে এফডিসি চত্বরের মূল মঞ্চে চলচ্চিত্র দিবসের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এরপর স্বাগত বক্তব্য রাখবেন তথ্য প্রতিমন্ত্রী, এফডিসির এমডি,তথ্য সচিব প্রমুখ।
এবারের চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন হাসান ইমাম। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে আরো থাকছে সকাল ১১টায় র‌্যালি, ১১টা ৩০ মিনিটে মেলা উদ্বোধন, ১২টায় টক শো, লাল গালিচা সংবর্ধনা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বিকেল ৩টায় সেমিনার ও ৫টায় চলচ্চিত্র তারকাদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে জনপ্রিয় গানে অংশ নেবেন রোজিনা, অঞ্জনা, সাইমন, মাহি, জায়েদ খান, পপি, রোমানা নীড়, জয় চৌধুরী, সাঞ্জু জন, বিপাশা কবির, শিরিন শিলা, শিপন মিত্র প্রমুখ।

ad

পাঠকের মতামত