212810

বিউটি ধর্ষণ ও হত্যা: মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বিকেলে তাকে প্রত্যাহার করে নেয়া হয়। ঘটনার পর থেকেই এসআই জাকির হোসেনের বিরুদ্ধে মামলা তদন্তে অবহেলার অভিযোগ ওঠে।

এদিকে শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিকুল ইসলামকে এই মামলার তদন্ত ভার দেয়া হয়েছে।
বিষয়টির সত্যতা শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান নিশ্চিত করেছেন।

গেলো ২১ জানুয়ারি দিনমুজুরের মেয়ে বিউটি আক্তারকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় বাবুল মিয়া ও তার লোকজন। অপহরণের পর তাকে বিভিন্ন স্থানে রেখে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে বাবুল।

এ ঘটনার প্রায় এক মাস পর বাবুল মিয়া কৌশলে বিউটিকে তার বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে পহেলা মার্চ বিউটি আক্তারের বাবা সায়েদ আলী বাদী হয়ে লম্পট বাবুল ও তার মা ব্রাহ্মণডোরা ইউনিয়নের ইউপি সদস্য কলমচানের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা করে।

এরপর বাবুল ক্ষিপ্ত হয়ে ১৬ মার্চ বিউটি আক্তারকে তার নানার বাড়ি উপজেলার গুণিপুর গ্রাম থেকে রাতের আধাঁরে জোর করে তুলে নিয়ে যায়। পরে শায়েস্তাগঞ্জের উপজেলার একটি হাওরে বিউটির মরদেহ পাওয়া যায়।

এই ঘটনার পর ২৯ মার্চ হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা। আগামীকাল মঙ্গলবার তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

ad

পাঠকের মতামত