212578

প্রজনন চেষ্টাকালে বাঘের হামলায় বাঘিনীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে প্রজননের চেষ্টার সময় আফ্রিকান বাঘের হামলায় সুন্দরবনের একটি বাঘিনীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, সুন্দরবনে চোরা শিকারীদের ফাঁদে পড়ে একটি পা হারিয়ে ছিল বাঘিনীটি। সেখান থেকে বন বিভাগের লোকজন সেটিকে উদ্ধার করে প্রথমে কক্সবাজারের ডুলাহাজরা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সাফারী পার্কে পাঠায়। পরে ২০১৩ সালের ২৪ মে ওই বাঘিনীর ঠাঁই হয় গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে।

কিন্তু পার্কের পরিবেশে সুন্দরবনের বাঘিনীটি নিজেকে মানিয়ে নিতে পারেনি । এরই মধ্যে প্রজননে পূর্ণাঙ্গ বয়স অতিক্রম করায় পার্ক কর্তৃপক্ষ বাঘিনীটির প্রজননের চেষ্টা শুরু করে। গত বুধবার আফ্রিকার পুরুষ বাঘের সঙ্গে সেটিকে মিলিত করার উদ্দেশ্যে চেতনানাশক ওষুধ প্রয়োগের করে অচেতন করা হয়। তবে অচেতন হওয়ার পরই আফ্রিকার কয়েকটি বাঘ এসে আক্রমণ করে আহত করে বাঘিনীটিকে। পরে চিকিৎসা দিলেও আর সুস্থ হয়ে ওঠেনি সেটি।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, ‘বাঘিনীকে আমরা বংশবিস্তারের লক্ষ্যে প্রজননের চেষ্টা করেছিলাম। কিন্তু বার্ধক্যজনিত সমস্যা থাকায় সে গর্ভধারণ করেনি। বাঘের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।’

ময়নাতদন্তকারী দলের সদস্য শ্রীপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবদুল জলিল জানান, ‘প্রাথমিকভাবে বাঘটির মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে সেটির শরীরে বিচ্ছিন্ন কিছু আঘাতের চিহ্ন ছিল। আমরা প্রাথমিক স্যাম্পল সংগ্রহ করে ঢাকার কেন্দ্রীয় পশুরোগ গবেষণা কেন্দ্রে পরীক্ষার জন্য প্রেরণ করেছি। রিপোর্টটি হাতে আসলেই মৃত্যু সঠিক কারণ বলা যাবে।’

ad

পাঠকের মতামত