212023

রাশিয়ায় ভিসাবিহীন বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক।।  আর মাত্র ৭৭ দিন। রাশিয়ায় স্বাগত জানাতে অপেক্ষা করছে ২০১৮ ফিফা বিশ্বকাপের মাসকট ‘জাভিবাকা’। ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ফুটবলের মহোৎসবে মাঠ মাতাবেন বিশ্বসেরা তারকারা। প্রিয় দেশের পাশাপাশি প্রিয় খেলোয়াড়কে সমর্থন জানাতে প্রস্তুতি নিচ্ছে ভক্তকূল। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরবের ম্যাচ দিয়ে বাজবে বিশ্বকাপের দামামা। সেই সঙ্গে প্রতিবারের ন্যায় এবারও ফুটবল উন্মাদনায় মাতবে বিশ্ব। আর অনেকেই সেই উন্মাদনার সাক্ষী হতে চান স্বশরীরে।

কিন্তু সেই জন্য প্রয়োজন সংশ্লিষ্ট দেশের ভিসা। কারণ পৃথিবীর বেশিরভাগ দেশে যেতে হলে সে দেশের অনুমতি লাগে অর্থাৎ ভিসা লাগে। কিন্তু যদি ভিসা না লাগে তাহলে?

বিশ্বকাপ চলাকালে লাখ লাখ ফুটবলভক্ত রাশিয়া ভ্রমণ করবেন। এত বিশাল সংখ্যক সমর্থককূলের জন্য ভিসা অনুমোদন করা কঠিন। তাই রাশিয়ান কর্তৃপক্ষ এই ঝামেলা এড়াতে দর্শকদের ভিসা পদ্ধতি তুলে নিয়েছে। জি হ্যাঁ, রাশিয়াতে বিশ্বকাপ চলাকালীন সময় ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন দর্শকরা। অবশ্য তাদেরকে সঙ্গে রাখতে হবে দর্শক-কার্ড। গত ডিসেম্বরে এক বিজ্ঞপ্তিতে রাশিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে রাশিয়ায় যেতে পারবেন দর্শকরা। থাকতে পারবেন বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত। এরপরই অবশ্য বিদায় নিতে হবে রাশিয়া থেকে। তবে বিশ্বকাপের টিকেট তো লাগবেই।

দর্শকদের অবশ্যই অনলাইন থেকে ম্যাচের টিকিট কিনতে হবে। টিকেট কেনার সময়ই তাকে একটি ফ্যান আইডি দেওয়া হবে। ওই ফ্যান আইডি দিয়ে রাশিয়ায় ভিসামুক্ত প্রবেশাধিকার পাওয়া যাবে।

একই সঙ্গে আরও কিছু সুবিধা পাবে রাশিয়ায় বিশ্বকাপ উপলক্ষ্যে আগত দর্শকরা। রাশিয়ায় ফুটবল প্রেমীদের খরচ কিছুটা হলেও কমবে। যে ১১টি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেই শহরে ট্রেনে টিকিট কাটতে হবে না ফুটবলভক্তদের। বিশ্বকাপ চলাকালীন ওই ১১ শহরে ফ্রিতে ট্রেন ভ্রমণ করতে পারবেন বিশ্বকাপ দেখতে যাওয়া ভক্ত, সমর্থক ও ফুটবলপ্রেমীরা। ট্রনের টিকেটের বদলে ফ্যান আইডি দেখালেই মিলবে বিনামূল্যে ট্রেন ভ্রমণ।

গত বছরের জুলাইয়ে রাশিয়ায় শেষ হওয়া কনফেডারেশন্স কাপেও ফ্রি ট্রেন ভ্রমণ চালু ছিলো। সারা বিশ্ব থেকে হাজির হওয়া ফুটবপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছিলো রাশিয়ার এই পদক্ষেপ। তাই কনফেডারেশন্স কাপের অভিজ্ঞতা থেকে বিশ্বকাপেও ফ্রি ট্রেন ভ্রমণ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান সরকার।

ad

পাঠকের মতামত