211907

নতুনরুপে হাজির হচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক।। ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি নিজের সন্তান আব্রাম খান জয়কে নিয়ে কলকাতায় গিয়েছিলেন তিনি। সেখানে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দেখাও হয়েছে তার। এরইমধ্যে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন অপু। বর্তমান সময়টা কিভাবে কাটছে জানতে চাইলে অপু জানান, আমি খুব ভালো আছি।

সন্তান জয়কে নিয়ে আমার সুন্দর সময় কেটে যাচ্ছে। শাকিবের সঙ্গে আমার অনেকদিন পর দেখা হয়েছে। আর জয়ের বিষয়ে কথাও হয়েছে। তবে কি কথা হয়েছে তা বলতে চাই না। কারণ, এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়। সময় হলেই সকলে তা জানতে পারবেন। এদিকে অপু বিশ্বাস কয়েকদিন পর পরিচালক রবিন খানের নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এ ছবিতে অভিনয়ের জন্য বেশ প্রস্তুতিও নিয়েছেন তিনি। কতখানি প্রস্তুত তিনি জানতে চাইলে বলেন, আমি প্রস্তুত। নিজের ওজন কমানোর জন্য দৈনিক ব্যায়াম করছি। আর ছবির চিত্রনাট্যও পড়েছি। মে মাসের শুরুতে এ ছবির কাজ শুরু হবে। চিত্রনাট্যটি বেশ ভালো করেই পড়া হয়েছে আমার। ছবির কাহিনীতে টুইস্ট রয়েছে। তবে ছবির কাহিনীটা এখন বলতে চাই না। কাজটা ভালোভাবে শেষ করতে চাই। এরইমধ্যে কলকাতার একটি প্রোডাকশনের ছবিতেও কাজের প্রস্তাব পেয়েছেন অপু।

তবে ছবিটি নিয়ে এখন মুখ খুলছেন না তিনি। এই প্রজেক্টের বিষয়ে জানতে চাইলে অপু বলেন, ওপার বাংলার একটি ছবি নিয়ে কথা হচ্ছে। তবে সবকিছু চূড়ান্ত না হলে ছবির পরিচালক বা সহশিল্পী নিয়ে কথা বলতে চাই না। সবকিছু মিলে গেলে অবশ্যই এ ছবিতে কাজ করবো আমি। কিন্তু এরপর কালাম কায়সারের ‘মা’ ছবির সেটে মহরতে উপস্থিত হলেও ছবির কাজ আর শুরু হয়নি। তাই বলায় যায়, দীর্ঘদিন পর পরিচালকের মুখে এবার তিনি শুনবেন লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলো। রবিন খান পরিচালিত ও ইমপ্রেসে টেলিফিল্মের নতুন ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘কানাগলি’।

আশা করি, ছবিটি দর্শক পছন্দ করবেন। অপু বিশ্বাস এরইমধ্যে ‘ওপারে চন্দ্রাবতী’, ‘কানাগলি’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ -এই তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এসবের মধ্যে ‘কানাগলি’ ছবিতে আগে চুক্তিবদ্ধ হওয়ায় এ ছবির কাজ আগে শুরু করতে চান তিনি।তবে দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে নানা বাধা পেরিয়েছেন তিনি। দিয়েছেন দর্শকদের সফল ছবি। তাই সামনের দিনগুলোতে ভালো কিছু কাজ নিয়ে দর্শকের সামনে নতুনভাবে হাজির হবেন বলে জানান ঢালিউডের এই গ্ল্যামারাস অভিনেত্রী।

ad

পাঠকের মতামত