যেভাবে শাকিব-শুভশ্রীর পরিচয়
বিয়ে আসর থেকে লন্ডনে প্রেমিকের কাছে পালিয়ে যান শুভশ্রী গাঙ্গুলি। কিন্তু সেখানে গিয়ে দেখেন প্রেমিক একজন প্রতারক। তারপরই ঘটনাচক্রে শাকিব খানের সঙ্গে পরিচয়।
বাস্তব ঘটনা নয়, ‘চালবাজ’ সিনেমার গল্প এমন— কলকাতার আনন্দবাজার পত্রিকাকে জানালেন সদ্য রাজ চক্রবর্তীর ঘরণী হওয়া শুভশ্রী। আর সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে ১৩ এপ্রিল।
পরের কাহিনি এভাবে বললেন, ‘এরপর কোনো একটা কারণে মেয়েটিকে ভারতে ফিরতে হয়, উইথ শাকিব। নানা রকম টার্নস অ্যান্ড টুইস্ট শুরু হয় ভারতে আসার পর। যেটা দেখতে হলে যেতে হবে।’
![]()
‘নবাব’-এর পর ফের শাকিবের সঙ্গে কাজ করলেন। আপনাদের কেমিস্ট্রি এবার দর্শকদের নতুন কী দেবে?— এ প্রশ্নে নায়িকা বলেন, “গল্পটা চেঞ্জ হলেই কেমিস্ট্রিতে নতুন অ্যাঙ্গেল আসে। ‘নবাব’ ডিফারেন্ট জনারের ছবি ছিল। এই ছবিতে দু’জনের ক্যারেক্টার বদলে গিয়েছে। ফলে কেমিস্ট্রিও বদলে গিয়েছে।”
‘চালবাজ’-এর মূল আকর্ষণ সম্পর্কে শুভশ্রী বলেন, “শুভশ্রী-শাকিব জুটির ‘নবাব’-এ ভালো রেসপন্স ছিল। সেই জুটি ইমিডিয়েটলি ব্যাক করছে। স্যাভির গান রয়েছে, জয়দীপদার ডিরেকশন। এ সবই ইউএসপি।”
জয়দীপ মুখার্জি পরিচালিত ‘চালবাজ’ প্রযোজনা করছে এসকে মুভিজ। শুটিংয়ের সময় শোনা যায় সিনেমাটি বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে নির্মিত হচ্ছে। তবে সম্প্রতি ট্রেলার প্রকাশের পর জানা যায়, যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি চিত্রনাট্যে অসঙ্গতি পাওয়ায় অনুমতি দেয়নি।
![]()




