রানা প্লাজার রানার মায়ের ৬ বছরের দণ্ড
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাভারে ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার মা মর্জিনা বেগমের ছয় বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম নুরুল কায়েস এই রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এম এ সালাউদ্দীন ইসকান্দার প্রথম আলোকে বলেন, ৬ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৯৯০ টাকা সম্পদের তথ্য গোপনের দায়ে রানা প্লাজার মালিক সোহেল রানার মাকে এই কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এই অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। রায় ঘোষণার পর মর্জিনাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, দুদকের উপপরিচালক মাহবুবুল আলম ২০১৫ সালের ১২ এপ্রিল বাদী হয়ে মর্জিনার বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন। ২০১৬ সালের ২৯ আগস্ট তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত গত বছরের ২৮ আগস্ট মর্জিনার বিরুদ্ধে বিচার শুরু করেন। দুদকের পক্ষ থেকে আটজন সাক্ষী আদালতে হাজির করা হয়।
নির্মাণ ত্রুটির কারণে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় ভয়াবহ ধসের ঘটনা ঘটে। ভারতে পালিয়ে যাওয়ার সময় ওই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে রানা প্লাজার মালিক সোহেল রানাকে থেকে গ্রেপ্তার করে র্যাব। এর পর থেকে তিনি কারাগারে আছেন। এরপরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রানার বাবা ও মায়ের বিরুদ্ধে মামলা করে দুদক।।




