বল হাতে রেকর্ড, ব্যাট হাতে ওপেনিংয়ে!
মাঝে মধ্যেই দলের রানের গতি বাড়াতে মিডল অর্ডারে ব্যাট করতে চলে আসেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তাই বলে একেবারে ওপেনিংয়ে? এবার সেটাই করলেন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলতে নেমে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মঙ্গলবার সুপার লিগের ম্যাচে নিজেদের ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন তিনি। এর আগে বল হাতেও করেছিলেন। স্পর্শ করেছেন লিস্ট ‘এ’ ক্রিকেট হওয়ার পর প্রিমিয়ার লিগের সর্বাধিক উইকেট শিকারের রেকর্ড। কিন্তু এতো কিছুর পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।
তবে ঠিক কি মনে করে এদিন ওপেনিং করেছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ফতুল্লার মন্থর উইকেটে শুরুতে দ্রুত কিছু রান তুলে দিতেই ওপেনিংয়ে নামা তার। মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনীর লক্ষ্য ছিলো ২৫৭ রানের। আর লক্ষ্য তাড়ায় নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়ের সঙ্গে মাঠে নামলেন মাশরাফী। তাতে সফল হতে পারেননি এদিন। ব্যক্তিগত ৭ রানেই আউট হয়ে গেছেন। ৮ বল খেলে ১টি চারে ৭ রান করে আবু জায়েদ রাহীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
মাশরাফীর মতো এদিন জ্বলে উঠতে পারেননি আবাহনীর কোন ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৩৫ রান আসে ৮ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। ফলে ২৬ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এর আগে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করে শেখ জামাল। তবে লক্ষ্য বড় হতে পারতো আরও অনেক বড়। এক পর্যায়ে তাদের রান ছিলো ৩ উইকেটে ২১১। এরপর দ্রুত ৩টি উইকেট তুলে শেখ জামালের ব্যাটে লাগাম পরিয়ে দেন মাশরাফী।
বল হাতে মাশরাফী হর হামেশাই ওপেনিং করেন। এদিনও করলেন। শুরুতে উইকেট না পেলেও দ্বিতীয় স্পেলে উইকেট পান ৩টি। তাতে গত আসরে করা আবু হায়দার রনির রেকর্ড স্পর্শ করেন। ৩৫টি উইকেট নিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট হওয়ার পর প্রিমিয়ার লিগের সর্বাধিক উইকেট শিকারি এখন যৌথভাবে রনি ও মাশরাফী। অবশ্য রনিকে পেছনে ফেলার যথেষ্ট সুযোগ রয়েছে তার। লিগে এখনও ৩টি ম্যাচ বাকি। ফলে রেকর্ডটা যে এককভাবে নিজের করে নেবেন আশা করাই যায়। দেখার বিষয় কোথায় থামেন অধিনায়ক।




