পুলিশের সহায়তায় স্বামীর বাড়ির মালামাল লুট করলো প্রবাসী স্ত্রী!
ফরিদপুরের সালথায় স্বামীর বাড়ির মালামাল লুট করেছে স্ত্রী। আর এ ঘটনায় স্ত্রীর বাড়ির লোকজনকে পুলিশ সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সালথা থানা পুলিশের বিরুদ্ধে ফরিদপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জামাই দেলোয়ার হোসেন।
সালথা গ্রামের ওয়াফি মোল্লার ছেলে দেলোয়ার হোসেন মোল্লার বাড়ি থেকে নগদ টাকা, গরু, স্বর্ণালঙ্কারসহ যাবতীয় মালামাল জোরপূর্বক নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। গত ২৩ মার্চ রাত আনুমানিক ১১টায় এই লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছেন দেলোয়ার।
তিনি জানান, এসময় ঘটনাস্থলে উপস্থিত থেকে লুটকারীদের সহযোগিতা করেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুলের নেতৃত্বে থাকা পুলিশের একটি টিম।
স্থানীয় কয়েকজন মুরব্বি জানান, দেলোয়ারের বাড়িতে রাত ১১টার সময় চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে পুলিশ আমাদেরকে বাধা দেয়। বাড়ির ভিতর আমরা প্রবেশ করতে পারিনি।
তারা আরও বলেন, স্বামী-স্ত্রী এক সাথে বসবাস করবে কি করবে না তাদের ব্যাপার। কিন্তু বাইরের লোকজন ও থানা পুলিশ রাতের আঁধারে এসে স্থানীয়দের না জানিয়ে ঘরের মালামাল লুট করে নেয়া নজিরবিহীন ঘটনা।
অভিযোগকারী দেলোয়ার বলেন, আমার স্ত্রী আমার সংসার যদি না করে তাহলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানাতে পারতো। তারা যে সিদ্ধান্ত দিতো আমি সেটাই মেনে নিতাম। কিন্তু রাতের আঁধারে বাইরের লোকজন দিয়ে আমার উপরে হামলা চালালে আমি প্রাণের ভয়ে দৌড়ে পালিয়ে যাই। এসময় আমার ঘোয়াল ঘরের ৪টি গরু, যার আনুমানিক দাম ৩ লাখ টাকা এবং আমার ঘরে জমি বিক্রি করা নগদ ৩ লাখ টাকাসহ যাবতীয় মালামাল নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।
তবে এ ঘটনার আংশিক সত্যতা স্বীকার করে দেলোয়ারের স্ত্রী রিভা বেগম জানান, আমি তিন বছর জর্ডানে ছিলাম। দেলোয়ারের বাড়ি থেকে যেসব মালামাল এনেছি তা আমার নিজের সম্পদ।
অন্যদিকে অভিযুক্ত সালথা থানার এসআই মঈনুল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ফোর্স নিয়ে রাস্তায় টহলের দায়িত্বে ছিলাম। রাতে চিৎকার শুনে ঘটনাস্থলে যাই। জানতে পারি ঘটনাটা পারিবারিক, তাই আমরা ফিরে আসি। কিন্তু আমি এবং আমার ফোর্সের উপস্থিতির সময় কোনো লুটপাট হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, এ ঘটনার সাথে পুলিশের কোনো সম্পর্ক নেই। সংবাদ পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। স্থানীয়রা জানিয়েছেন, অভিযোগকারী দেলোয়ারের স্ত্রী রিভা বেগম এই ঘটনা ঘটিয়েছেন।




