211057

রাতে জার্মানির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

ব্রাজিল ও জার্মানি সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৪ সালের বিশ্বকাপ সেমি ফাইনালে। বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল জার্মানি সে ম্যাচে জিতেছিল। তবে অবাক করা বিষয় ছিল জয়ের ব্যবধান। জার্মানরা ৭-১ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছিল স্বাগতিক ব্রাজিলকে। বেলো হরিজন্তের মিনেরাও স্টেডিয়ামে সে ম্যাচের পর প্রায় চার বছর পেরিয়ে গেছে। এর মাঝে দলদুটির প্রথম মুখোমুখি সাক্ষাতে স্বাভাবিকভাবেই উঠে আসছে সেই ম্যাচের কথা। যদিও দুই দলেই এসেছে অনেক পরিবর্তন, সেই বিখ্যাত ম্যাচটির কথা মাথায় রেখে বার্লিনের অলম্পিক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জার্মানি। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

‘সেই ৭-১’ নামেই বেশি পরিচিত ব্রাজিল ও জার্মানির ম্যাচটি ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা একটি ম্যাচ। খেলাটা এমনই ছিল যে খোদ জার্মানরা ও পুরো বিশ্বই ঠিক বিশ্বাস করতে পারেনি যে এমন কিছুও হতে পারে। ব্রাজিলের বর্তমান কোচ তিতে তো বলেই ফেলেছেন তার দলকে এখনও সেই ম্যাচের ভূত তাড়িয়ে বেড়ায়। জার্মানির তৎকালীন ও বর্তমান কোচ জোয়াকিম লো যদিও বলেছেন তার দল পরের দিনই ওই ম্যাচের কথা ভুলে গেছে, ব্যাপারটা কি এতটাই সহজ?

এর আগে গত শুক্রবার এবারের বিশ্বকাপের স্বাগতিক দল রাশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। দারুণ খেলে দলটিকে ৩-০ গোলে হারিয়েছিল সেলেকাওরা। আর শনিবার স্পেনের বিপক্ষে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। এই নিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রয়েছে দলটি।

ছোটখাট চোটের কারণে এই ম্যাচ থেকে নাম সরিয়ে নিয়েছেন জার্মানির এমরে চান, টমাস মুলার ও মেসুত ওজিল। তবে ব্রাজিল সম্ভবত রাশিয়া ম্যাচের একাদশ নিয়েই নামবে। একটি পরিবর্তন আসতে পারে।

তিতের মতে, সেই পরাজয়ের ক্ষত সারাতে প্রীতি ম্যাচে জয় বড় ভূমিকা রাখতে পারে। ব্রাজিল কি তেমন কিছু করতে পারবে? নাকি আবার হাসবে জার্মানরাই?

ad

পাঠকের মতামত