ভ্যানিটি ব্যাগ ও মোবাইলের বিনিময়ে প্রাণ ভিক্ষা!
নিউজ ডেস্ক।।
সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ ও মোবাইলের বিনিময়ে প্রাণে বাঁচলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনুষদের চতুর্থ বর্ষের ছাত্রী নাজিয়া আহমেদ নিসা।
সোমবার বিকেলে স্থানীয় মদিনা মার্কেট এলাকা থেকে এক সহপাঠীর সঙ্গে রিকশায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দিকে যাচ্ছিলেন নিসা। বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে পৌঁছার পর একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাদের রিকশার গতিরোধ করে। এসময় এক যুবক নিসার গলায় ছুরি ধরে বলে ‘সঙ্গে যা কিছু আছে দিয়ে দে, নইলে মেরে ফেলবো। প্রাণে বাঁচতে নিসা তখন তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ, মোবাইল ও টাকা দিয়ে তাকে দেন।
এ ঘটনার পর নিসা তার ফেসবুকে লেখেন, ‘ছিনতাইকারী সব নিয়া গেসে, শুধু জীবন ফিরাই দিসে’। এর আগে গত রোববার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মারা যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহিদ এ সালাম। এরই মধ্যে সোমবার বিকেলে নাজিয়া ছিনতাইয়ের শিকার হন।
এদিকে দুটি ছিনতাইয়ের ঘটনা ও এক শিক্ষার্থীর মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অনেকে ফেসবুকে বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের কঠোর ভূমিকা নেওয়ার কথা লিখেছেন। সূত্র : প্রথম আলো




