স্টিভেন স্মিথকে ‘বহিষ্কার’ করল রাজস্থান রয়্যালস!
শংকাটা আগেই মাথাচাড়া দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্করির পর অস্ট্রেলিয়ার জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছেন স্টিভেন স্মিথ। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসও অধিনায়কত্ব থেকে সরিয়ে দিল স্টিভেন স্মিথকে। তার জায়গায় আজিঙ্কা রাহানেকে অধিনায়ক ঘোষণা করেছে তিন মৌসুম পর আইপিএলে ফেরা ফ্র্যাঞ্চাইজিটি।
ফ্র্যাঞ্চাইজিটির সহ-প্রতিষ্ঠাতাদের একজন মনোজ বাদলে বলেছেন, ‘আমরা আমাদের দল এবং টুর্নামেন্টের মর্যাদা বজায় রাখতে যে কোনো সিদ্ধান্তই নিতে রাজী। আমরা বিষয়টি নিয়ে বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছি। বোর্ড থেকে আমাদের যে পরামর্শ দেওয়া হয়েছে সেটাই আমরা স্টিভেনকে (স্মিথ) জানিয়েছি। এটা ভালো হয়েছে যে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। সেইসঙ্গে আমরা আমাদের দলের ভবিষ্যত অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানেকে নির্বাচিত করেছি।’
এদিকে রাজস্থানের একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্মিথকে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নেতৃত্ব ছাড়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। বলতে গেলে তাকে একপ্রকার সরিয়ে দেওয়া হয়েছে। শুধু অব্যাহতি পত্র দেওয়ার সুযোগ পেয়েছেন স্মিথ। যেমনটা ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে দিয়েছিল জাতীয় দলের নেতৃত্ব ছাড়ার জন্য।
সাড়ে ১২ কোটি রুপিতে কেনা স্টিভেন স্মিথের নেতৃত্বে কেপটাউনে বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে মনোজ আরও বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় যা ঘটেছে তা একেবারেই অনুচিত। তাছাড়া যখন জানা গেল এটি পুর্বপরিকল্পিত, তখন আমরা স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। যাই হোক, স্টিভের প্রতি আমাদের শুভকামনা থাকবে। তিনি যাতে খারাপ সময় কাটিয়ে উঠতে পারেন।




