‘মুসলিম আমির খান কেন মহাভারত ছবিতে’
বলিউড সুপারস্টার আমির খান। এ অভিনেতার ‘ড্রিম প্রজেক্ট’ হল ‘মহাভারত’। মুসলিম অভিনেতা আমিরকে এ ছবিতে দেখা যাবে কৃষ্ণের ভূমিকায়।
এরই মধ্যে মহাভারতের জন্য এক হাজার কোটি রুপির বিনিয়োগও জোগাড় করেছেন আমির খান। টাকা দিচ্ছেন শিল্পপতি মুকেশ আম্বানি।
কিন্তু হিন্দুধর্মের ‘মহাভারত’ নিয়ে মুসলিম আমিরের এমন উদ্যোগ নিয়ে শুরু হয়েছে চাপা গুঞ্জন আর শ্লেষ।
তবে সমালোচকদের হয়ে এবার সরাসরি আক্রমণে নামলেন ভারতে বসবাসকারী ফরাসি সাংবাদিক ফ্রাসোয়াঁ গতিয়ের।
শনিবার এক টুইটে তিনি বলেন, মুসলিম হয়ে কীভাবে মহাভারতের মতো হিন্দুদের পবিত্র মহাকাব্যে অভিনয় করতে পারেন আমির খান? ইসলামের কোনো ধর্মগুরুর ভূমিকায় যদি হিন্দু অভিনেতাকে দেখা যায়, তবে কি মুসলিমরা মেনে নেবেন?
আমিরকে টুইটে আক্রমণকারী এই ফ্রাসোয়াঁ বিজেপির ঘনিষ্ঠ লোক বলে পরিচিত। ১৯৭১ সাল থেকে তিনি ভারতের বাসিন্দা।
প্রশ্ন উঠছে, ফ্রাসোয়াঁদের মদদ দিচ্ছেন কারা? হাজার সমালোচনা সত্ত্বেও আমির, শাহরুখ, সালমান— এই তিন খান এখন পর্যন্ত বলিউডের সবচেয়ে বড় তারা।
অনেকেরই আশঙ্কা, ধর্মীয় পরিচয় তুলে ধরে তিন খানকে বলিউড থেকে মুছে ফেলার কিংবা সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।
আক্রমণের শিকার হওয়ার পর আমির খানের পক্ষে সরব হন জাভেদ আখতার। তিনি বলেন, ভারতে সাম্প্রদায়িক বিষ ছড়ানোর জন্য বিদেশের কোনো কোনো এজেন্সি হয়তো সক্রিয় হয়ে উঠেছে। তারা ভারত সম্পর্কে কিছুই জানে না।




