২৫ মার্চ ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
নিউজ ডেস্ক।।
রোববার রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ। কালো রাতের প্রথম প্রহরকে স্মরণ করে গণহত্যা দিবসে ২৫ মার্চ রোববার রাতে এক মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অন্ধকার (ব্ল্যাক-আউট) পালন করা হবে সারাদেশে।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মরণে আগামীকাল রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশের বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
কালো রাতে নিহতদের স্মরণে সারা দেশে এক মিনিট সব ধরনের বাতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে গণহত্যা দিবসে এক মিনিট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখাসহ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে সব মন্ত্রণালয় এবং বিভাগে চিঠি পাঠিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর এবং সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি বাস্তবায়ন করার নির্দেশ দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে।
জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে গতবছর ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার।
বাঙালির মুক্তির আন্দোলন ভণ্ডুল করতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবাহিনী। ‘অপারেশন সার্চলাইট’ নামের সেই অভিযানে কালো রাতের প্রথম প্রহরে ঢাকায় চালানো হয় নারকীয় গণহত্যা। উৎস: বিডি-জর্নাল।




