210288

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু

নিউজ ডেস্ক।।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। সকাল নয়টার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। সমাবেশস্থল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সোহরাওয়ার্দী উদ্যান নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে।

শনিবার (২৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সকাল নয়টা ২০ মিনিটে সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন।

এর আগে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির অন্যান্য নেতাকর্মীরা মঞ্চে আসেন।

এদিকে, মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তারা সমাবেশে আসেন। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বাসে করে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

এই মহাসমাবেশের মধ্য দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রাজধানীতে নতুন বার্তা দেবেন। জাতির উদ্দেশে আগামী দিনের দিকনির্দেশনা দেবেন। এ মহাসমাবেশ থেকে নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। সূত্র: যুগান্তর

ad

পাঠকের মতামত