ছয় বলে ছয় ছক্কা, ২০ বলে সেঞ্চুরি, আইপিএল শুরুর আগেই বিশ্বরেকর্ড!
আইপিএল শুরুর আগেই রেকর্ড গড়ে ফেললেন ভারতের উদীয়মান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। টি টোয়েন্টিতে দ্রততম শতরানের বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
শনিবার সিএবি পরিচালিত জেসি মুখার্জি টি টোয়েন্টি ট্রফিতে বিএনআরের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন মোহনবাগানের ঋদ্ধিমান সাহা। পেসার আমান প্রসাদের করা ইনিংসের সপ্তম ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়ে পেয়েছিলেন নিজের শতকটাও। সে ওভারে আমান আবার দিয়েছিলেন একটি ওয়াইড বল। ৩৭ রান তুলে নেওয়া সে ওভারে দলের জয়টাও নিশ্চিত করে ২০ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেই মাঠ ছেড়েছেন ঋদ্ধিমান। বিএনআরের ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।
এদিকে আগামী মাসে মাঠে গড়াতে যাওয়া আইপিএলের ১১তম আসরে যে ঋদ্ধিমান মাঠ নামছেন সানরাইজার্সের জার্সিতেই।
পরিসংখ্যান অনুয়ায়ী, টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের এই রেকর্ড এতদিন ছিল ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালোরের ক্রিস গেইস। গেইলকে পিছনে ফেলে এবার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ঋদ্ধি। শুধু তাই নয় এক ওভারে ৬টি ছয়ও মেরেছেন তিনি।










