তারকাদের রহস্যেঘেরা মৃত্যু
মৃত্যু অনিবার্য। জন্মিলে মরতে হবেই। স্বাভাবিক মৃত্যুর বাইরে কিছু কিছু মৃত্যু থেকে যায় রহস্যাবৃত। সারা বিশ্বে কয়েকজন তারকা এমনভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যাদের মৃত্যুর কারণ তথা রহস্য আজও উন্মোচিত হয়নি। দর্শক-ভক্তরা এখনও আগ্রহভরে কান পেতে আছেন প্রিয় তারকার মৃত্যুর রহস্য জানবে বলে।
সোহেল চৌধুরী
রুপালি জগতে সব তারকাই স্থায়ী হয় না। অনেক তারাই নিভে যায় স্বল্প দ্যুতি ছড়িয়ে। ঢাকাই চলচ্চিত্রের আকাশে সোহেল চৌধুরী ছিলেন তেমনি এক দ্রুত নিভে যাওয়া তারা। এক মধ্যরাতে রাজধানীর অভিজাত এলাকার একটি ক্লাবে চলছে ডিজে পার্টি। উচ্চ শব্দের মিউজিকের সঙ্গে তাল মেলাচ্ছেন প্রায় ২০০ তরুণ-তরুণী। এ সময় গাড়িতে করে এলেন সুদর্শন নায়ক সোহেল চৌধুরী। সঙ্গে কয়েক বন্ধু। ক্লাবের গেটের সামনে গাড়ি থেকে নামতেই তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে অস্ত্রধারীরা। নায়কসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ট্রাম্পস ক্লাবের সামনে আততায়ীর গুলিতে নিহত হন সোহেল চৌধুরী। কিন্তু দর্শক আজও জানতে পারেনি প্রিয় এ তারকার খুনের রহস্য।
সালমান শাহ
প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। যাকে সবাই সালমান শাহ নামে চেনেন। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ২৭টি ব্যবসাসফল চলচ্চিত্র ছাড়াও বেশকিছু দর্শকনন্দিত নাটকে অভিনয় করেন। খ্যাতির চূড়ায় থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের নিজ বাসভবনে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ পাওয়া যায় তার। ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও তার মৃত্যু নিয়ে রহস্য এখনও কাটেনি। এ নায়কের মৃত্যুর জন্য তার স্ত্রী সামিরা দায়ী বলে অভিযোগ করেন সালমানের মা। এমনকি পরবর্তীকালে সালমানের পরিবারের পক্ষ থেকে স্ত্রী সামিরা ও আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। কিন্তু ঘটনার পর প্রায় ২২ বছর কেটে গেলেও সালমানের মৃত্যুরহস্য উদঘাটিত হয়নি।
সিল্ক স্মিতা
ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতা পারিবারিক কষ্টের কারণে চলচ্চিত্রে প্রবেশ করেন। সে সময় চলচ্চিত্রে নিজের জায়গাও তৈরি করে নেন। কিন্তু বিপদ তার পিছু ছাড়েনি। ১৭ বছরের ক্যারিয়ারে ৪৫০টিরও বেশি ছবিতে তিনি কাজ করেছেন। ১৯৯৬ সালের ২৩ সেপ্টেম্বর স্মিতা আত্মহত্যা করেন বলে জানা যায়। প্রেমে ব্যর্থতা, বিষণœতা এবং মদ্য পানের ওপর নির্ভরতা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এই অভিনেত্রীকে। কেউ কেউ বলেন, চলচ্চিত্র প্রযোজনা করতে গিয়ে ঋণের জালে পড়েছিলেন সিল্ক স্মিতা। এ থেকে তিনি দিন দিন হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সেই হতাশা থেকেই আত্মঘাতী হন। অনেকের সন্দেহ ৩৬ বছর বয়সে সিল্ক স্মিতার মৃত্যু আত্মহত্যা নয়। এই রহস্যের সমাধান হয়নি আজও।
দিব্যা ভারতী
নব্বইয়ের দশকের বিখ্যাত বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী আজও মানুষের মনে জায়গা করে আছেন। শৈশব থেকেই তাকে বহু বিপদের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কে জানত সমূহ বিপদ তাকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেবে। মাত্র ১৯ বছর বয়সে দিব্যা ভারতীর মৃত্যু হয়। এ ঘটনা সবার কাছে অবিশ্বাস্য ছিল। কিন্তু আজও জানা যায়নি তিনি আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে মেরে ফেলা হয়েছিল!
পারভীন ববি
বলিউডের আরেক বিখ্যাত অভিনেত্রী পারভীন ববি নিজের অভিনয়ের জোরে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তার মৃত্যু নিয়েও রয়ে গেছে রহস্যের ছাপ। অনেকে বলেন ডায়াবেটিসের কারণে এ অভিনেত্রীর মৃত্যু হয়েছে। আবার অনেকের মতে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার। যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। পারভীন ববির মৃতদেহ মৃত্যুর কয়েকদিন পর তার নিঃসঙ্গ অ্যাপার্টমেন্টে পাওয়া যায়। জানা যায়, সবার হৃদয়ে স্থান তৈরি করতে পারলেও পারভীন ববি স্বামীর হৃদয়ে স্থান করতে পারেননি।
জিয়া খান
মাত্র ২৫ বছর বয়স্ক বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর পর একটা প্রশ্ন বারবার উঠেছে, তার মৃত্যু কীভাবে হল এবং কেন হল? ‘নিঃশব্দ’, ‘গজনি’ এবং ‘হাউসফুল’র মতো ছবিতে অভিনয় করেছেন জিয়া। ২০১৩ সালের ৩ জুলাই নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি আত্মহত্যা করেছিলেন বলে খবর প্রকাশ হলেও তার কথিত বন্ধু সুরজ পাঞ্চালীর বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। এ মৃত্যুর রহস্য আজও জানা যায়নি।
মাইকেল জ্যাকসন
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মাইকেল জ্যাকসন সর্বকালের সবচেয়ে সফল শিল্পী। ২০০৯ সালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর জন্য দায়ী বলে মার্কিন চিকিৎসক ড. কনরাড মুরে কারারুদ্ধও হন। এ চিকিৎসকই দাবি করেছেন, মাইকেলের মৃত্যুর জন্য তার প্যারামেডিকরাই দায়ী। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তার লেখা নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন মুরে। সে বইয়ে এমনটাই দাবি করেছেন জ্যাকসনের চিকিৎসক। জেল খেটে নতুন চেহারায় বের হয়েছেন তিনি। তার দাবি যাই হোক না কেন, মাইকেলের মৃত্যুর রহস্য আড়ালেই রয়ে গেছে।




