ধর্ষণ, পরে গর্ভপাতও করিয়েছিলেন এই ভারতীয় অলিম্পিয়ান!
দুইবার অলিম্পিকে অংশ নেওয়া ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় সৌম্যজিত ঘোষের (২৪) বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
গতকাল বুধবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাত থানায় সৌম্যজিতের বিরুদ্ধে একটি এজাহার (এফআইআর) দায়ের করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ২০১২ ও ২০১৬ সালে অলিম্পিকে অংশ নেন সৌম্যজিত। ২০১৪ সালে তার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব হয় এক তরুণীর। পরে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
ওই তরুণী অভিযোগ করেন, কলকাতা ও শিলিগুড়িতে সৌম্যজিতের ফ্ল্যাটে বেশ কয়েকবার দেখা করেছেন তিনি। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন সৌম্যজিত তাকে গর্ভপাত করাতে বাধ্য করেন।
কলকাতাভিত্তিক সংবামাধ্যম এবেলা জানায়, উত্তর বঙ্গের একটি মন্দিরে বিয়েও করেছিলেন সৌম্যজিত ও ওই তরুণী। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেন ভারতের সর্বকনিষ্ঠ ওই টেবিল টেনিস খেলোয়াড়।
বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বঙ্গোপাধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।







