পরীমনি সিলেটের গহীন অরণ্যে
বিনোদন ডেস্ক।।
বাংলা চলচ্চিত্র দাপিয়ে বেড়াচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। একের পর এক ব্যবসা সফল ছবির মধ্য দিয়ে গত ক’বছরেই আলোচনার মধ্যমণি হয়েছেন এই হট কুইন।
সম্প্রতি ‘ক্ষত’ ছবির শুটিং শুরুর আগে লোকেশন ঠিক করতে সিলেটে দেখা মিলেছে পরীমনির। পরিচালক শামীম আহমেদ রনী ও টিমের অন্য সদস্যদেরও দেখা গেছে সেখানে।
নিজের প্রযোজিত প্রথম ছবি ‘ক্ষত’ নিয়ে এখন বেশ মনোযোগী নায়িকা। গল্পের সঙ্গে মিল রেখে লোকেশনের সন্ধান করতেই সিলেট যাত্রা তার।
‘মহুয়া সুন্দরী’ খ্যাত পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘ছবির কাহিনীর সঙ্গে মানানসই লোকেশন খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এর মাধ্যমে চরিত্রের বিন্যাস ও পরিস্ফুটন অনেক সহজ হয়ে যায়। এর ফলে দর্শকদের মনে গেঁথে যেতে পারে চরিত্রগুলো। তাই লোকেশনের খোঁজে হঠাৎ করেই শুক্রবার রাতে সিলেটে এসেছি।’
নতুন প্রযোজনা সংস্থা ‘সোনার তরী’-র ব্যানারে প্রযোজক হিসেবে পরীমণির প্রথম ছবি হতে যাচ্ছে ‘ক্ষত’।
জানা গেছে, আগামী মাসের শেষের দিকে ছবিটির শ্যুটিং শুরু হবে। ছবিতে পরীমণির বিপরীতে নায়ক হিসেবে আছেন জায়েদ খান।




