টেস্টে নারাজ, তাই অস্ট্রেলিয়াকে ওয়ানডে টি-টোয়েন্টির প্রস্তাব
স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত তিনজাতি নিদাহাস ট্রফিতে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শেষ বলে দীনেশ কার্তিকের ছক্কায় টাইগারদের পরাজয়ে কেঁদেছে সারাদেশ। সেই ক্ষত শুকিয়ে ওঠার আগেই একটি সুখবর এলো বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য। আগস্টে বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজে রাজি না হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়াকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব দিয়েছে বিসিবি । বিসিবি সূত্রে এখবর পাওয়া গেছে।
গতবছর আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় আসার কথা ছিল টিম অস্ট্রেলিয়ার। কিন্ত নিরাপত্তার অজুহাত দেখিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সে সফর বাতিল করে দেয়।
এর আগে ২০১৫ সালের অক্টোবরেও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের। কিন্ত অস্ট্রেলীয় সরকারের নির্দেশে সে সফর স্থগিত করে দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। সেই সময় অস্ট্রেলীয় সরকার এক সতর্কবার্তায় বলেছিল, নির্দিষ্ট করে ঠিক সফরের ওই সময়টি উগ্রবাদীদের অস্ট্রেলীয় ‘স্বার্থে’র ওপর জঙ্গি হামলার শঙ্কা রয়েছে। তাছাড়া ২০১৬ সালের শুরুর দিকে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নাম প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।
এখন এবারের প্রস্তাবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড রাজী হয়ে বাংলাদেশে আসে কিনা সেটাই দেখার বিষয়। তবে এদেশের ভক্ত সমর্থকেরা অস্ট্রেলিয়ানরা বাংলাদেশে খেলতে আসবেন সেই আশায়ই বুক বাঁধবেন।




