একটা মানুষও গৃহহারা থাকবে না : প্রধানমন্ত্রী
‘দেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, কুঁড়েঘরে থাকবে না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘দেশে একটা মানুষও গৃহহারা থাকবে না। যাদের ঘর নাই, বিনা পয়সায় তাদের ঘর দেওয়া হবে। খাস জমি দিয়ে দেওয়া হবে। একটি মানুষও কুঁড়েঘরে থাকবে না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা ঘর করার টাকা দিচ্ছি। তরুণদের বিদেশি চাকরির জন্য ট্রেনিং দিচ্ছি। ১০ লাখ লোক বিদেশে পাঠিয়েছি। কর্মজীবী মায়েদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। আওয়ামী লীগ আসলেই দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত মানুষ হত্যা করে।’
শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতী-নাতনীদের চাকরির সুযোগ রাখা হয়েছে। চাকরিতে মুক্তিযোদ্ধার কোটা পূরণ না হলে মেধাবীদের সুযোগ দেওয়া হবে। কোটা ব্যবস্থা রাখতে হবে, কারণ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। ’
এর আগে, চট্টগ্রামে নৌবাহিনী একাডেমিতে বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স ভবনসহ ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।




