বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের পার্থক্য ধরা পড়ে না : শাকিব খান
কলকাতা কেমন লাগছে?— এমন প্রশ্নে শাকিব খান বললেন, ‘আমার তো কখনো আলাদা মনেই হয় না। মহিষাদলে যখন শুট করতে গেলাম, ওখানেও তো অনেক রাজবাড়ি আছে, তখনই আমার সঙ্গের লোকেদের বলেছিলাম যে, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো পার্থক্য ধরা পড়ে না আমার চোখে।’
সম্প্রতি ঢালিউডের এ নায়ক কলকাতার আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দেন।
‘দুই দেশ তো একই ছিল’— এমন মন্তব্যের জবাবে শাকিব বলেন, ‘সবই তো এক। ভাষা এক, কৃষ্টি-কালচার এক… ওখানেও পয়লা বৈশাখ হয়, এখানেও হয়।’
নায়ক জানালেন, এবারের পয়লা বৈশাখে ঢাকায় থাকছেন না। ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিং-এ লন্ডনে থাকবেন।
ওই সিনেমার পোস্টার শুটের মাঝেই ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে এসেছিলেন অপু বিশ্বাস। সে প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হয়, ‘আপনাদের দেখে কিন্তু বিচ্ছেদের কোনো তিক্ততা নজরে এল না…।’
উত্তরে শাকিব বলেন, ‘সম্পর্ক থাক আর না থাক, অপু বিশ্বাস আব্রাহামের মা আর আমি ওর বাবা। ছেলের জন্য হলেও আমাদের দেখা হয়েই যায়। আসলে ওরা শিলিগুড়ি যাবে, একটা মানত ছিল, সেই কারণে। যাওয়ার পথে আমিই বললাম দেখা করে যেতে। অনেকদিন দেখিনি ছেলেকে, তাই।’
এদিকে পয়লা বৈশাখে কলকাতায় মুক্তি পাচ্ছে শাকিব অভিনীত ‘চালবাজ’, একইদিন আরো মুক্তি পাবে দেবের ‘কবীর’। এ নিয়ে কতটা চাপে থাকবেন?
শাকিবের ভাষ্যে, ‘ভারতে তো অনেক ভাষায় অনেক রকম ছবি হয়। অন্য ছবি রিলিজ করতেই পারে। দর্শকের যেটা ভালো লাগবে, সেটাই তো তারা দেখবেন।’




