‘ফেসবুক ডিলিট করার আহ্বান’
ব্যবহারকারীদেরকে ফেসবুক ডিলিট করার আহ্বান জানিয়েছেন হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রেইন অ্যাক্টন। ফেসবুকের বিরুদ্ধে পাঁচ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ ওঠার পর তিনি এ আহ্বান জানান। খবর সিএনএনের
ফেসবুক ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়ে মঙ্গলবার ব্রেইন অ্যাক্টন এক টুইট বার্তায় বলেন, ‘এখন সময় ফেসবুক ডিলিট করার’। এসময় তিনি টুইটারে ‘ডিলিট ফেসবুক’ হ্যাশটাগ ব্যবহার করেন।
ব্রেইন অ্যাক্টনের ফেসবুক ডিলিট করার আহ্বান গুরুত্বপূর্ণ কারণ হোয়াটসঅ্যাপ ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান। ২০১৪ সালে ১৯ বিলিয়নের বিনিময়ে হোয়াটাসঅ্যাপ কিনে নেয় ফেসবুক।
ব্যবহারকারীর গোপনীয়তার নীতি ভঙ্গ করায় ফেসবুকের ওপর চটেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাজনীতিবিদরা। এছাড়া ব্রিটিশ ও ইউরোপীয় পার্লামেন্ট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কাছে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখা চেয়েছে। তবে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, ব্যবহারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে।
গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে কেমব্রিজ অ্যানালিটিকা এসব অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে ফেসবুকের বিরুদ্ধে এমন অভিযোগের ওঠার পর গত সোমবার থেকে শেয়ার মার্কেটে ফেসবুকের শেয়ার দামে ধস নামে এবং তা অব্যাহত আছে।
ব্রিটিশ ও ইউরোপীয় পার্লামেন্ট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কাছে এসব অভিযোগের ব্যাপারে ব্যাখা চেয়েছে। তবে ফেসবুকের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।




