‘শত্রুতা’ ভুলে একই দলে মাহমুদুল্লাহ-পেরেরা
পেশাদার ক্রিকেটের জগতটাই এমন। দুদিন আগেও যে মাহমুদুল্লাহ রিয়াদ ও থিসারা পেরেরা ছিলেন পরস্পরের ‘শত্রু’, তারাই এখন বনে গেলেন সতীর্থ! জাতীয় দলের হয়ে যে উত্তাপে দুজন দুজনকে ‘পুড়িয়ে’ ফেলতে চেয়েছিলেন, সেই উত্তাপে এখন তারা পরিকল্পনা করছেন এক সঙ্গে জ্বলে উঠতে!
বলা হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল কোয়েটা গ্লাডিয়েটর্সের দুই ক্রিকেটারের কথা। দুদিন আগেও তারা ব্যস্ত ছিলেন নিদাহাস ট্রফি নিয়ে। কিন্তু সেই ব্যস্ততা এখন অতীত।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমি মুখোমুখি কোয়ালিফায়ারে উঠার লড়াইয়ে। এই ম্যাচে দুই দলের স্কোয়াডে থাকছেন তারা।
নিদাহাস ট্রফিতে দুজনই ছিলেন যার যার দলের প্রধান ভরসা। দুজন খেলেছেনও দুর্দান্ত। এ দুজনের দলে থাকাও কোয়েটার জন্য দারুণ অনুপ্রেরণার। হয়তো এ কারণেই নিদাহাস ট্রফি শেষ হতে না হতেই তাদেরকে দলে নিয়ে নিয়েছে কোয়েটা।




