যুদ্ধাপরাধীর আইনজীবীকে পরামর্শক নিয়োগে চলছে আলোচনা-সমালোচনা
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হওয়া মীর কাসেম আলীর আইনজীবী। যুদ্ধাপরাধ মামলার বিচার নিয়ে বিরূপ মন্তব্যের কারণে আন্তর্জাতিক মহলে বেশ সমালোচিত এই কার্লাইল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনায় বিট্রিশ আইনজীবী লর্ড কার্লাইলকে পরামর্শক নিয়োগ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। প্রশ্ন উঠেছে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর লবিস্ট লর্ড কার্লাইলকে পরামর্শ নিয়োগ নিয়ে।
১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ রয়েছে লর্ড কার্লাইলের বিরুদ্ধে। এমনকি যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিরূপ মন্তব্যের কারণেও সমালোচিত তিনি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির মনে করেন,বিএনপি যে যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষক ছিলো এটি আবারো প্রমাণিত হলো।
শাহরিয়ার কবির বলেন, বিএনপি আর জামায়াতকে আমরা আলাদা করে দেখি না। জামায়াত ও বিএনপির স্বার্থ অভিন্ন এখন জামায়াতের যারা আইনজীবী তারাই বিএনপির আইনজীবী হিসেবে লড়ছেন। লর্ড কার্লাইল একজন আইন ব্যবসায়ী।তিনি জামায়াতের মামলা লড়েছেন। জামায়াতের পক্ষে কথা বলেছেন। বিএনপি তাকে ভাল মনে করেছে নিয়োগ দিয়েছে। আমি বিস্মিত নয় এতে।
বাংলাদেশ বার কাউন্সিল আইন অনুযায়ী বিদেশী কোন আইনজীবী দেশের আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না,তবে আইনি পরামর্শক নিয়োগ করার সুযোগ রয়েছে।




