‘পরিস্থিতি প্রতিকূল হলেই মরণকামড় দেয় বাংলাদেশ’
নিহাদাস ট্রফির ফাইনালে জয়ের দ্বারপ্রান্তে এসে হতাশ হয়েছে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে জয় পেতে ভারতকে বেশ ঘাম ঝড়াতে হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের অবস্থার কথা স্বীকার করেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও।
গতকালের ম্যাচ শেষে রোহিত শর্মা বলেন, ‘বাংলাদেশ ভয়হীন খেলেছে। অনেকে পরিস্থিতি পক্ষে না থাকলে মরণকামড় দেয়। বাংলাদেশ এমনটাই খেলতে পছন্দ করে।’
‘তারা (বাংলাদেশ) নিশ্চিতভাবেই খুব ভালো একটা দল… গত তিন বছরের হিসেবে। আমরা খেয়াল করেছি কীভাবে তারা তাদের ক্রিকেটের ধরণ পরিবর্তন করেছে।’
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে গতকাল লড়াই করে হারে বাংলাদেশ ক্রিকেট দল। চার উইকেটে ম্যাচ জয় করে নিদাহাস ট্রফি ঘরে তুলে নেয় ভারত। শেষ বলে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে হারিয়ে দেন দিনেশ কার্তিক। সৌম্য সরকার তার শেষ ওভারে একটি উইকেট শিকার করে জয়ের জানান দিলেও আগের ওভারে রুবেল হোসেনের দেওয়া ২২ রান পাল্টে দিয়েছে পুরো ম্যাচের চিত্র। মূলত তার ওই ওভারেই বদলে গিয়েছিল ম্যাচটি।
শেষ ওভারটি করে সৌম্য সরকারের মাঠে গড়িয়ে কান্নার চিত্রটি জানান দেয় পুরোনো ইতিহাস। এর আগে আরও চারবার আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠেও জয় পায়নি বাংলাদেশ। এবারই প্রথম দেশের বাইরে কোনো ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলেছে টাইগাররা। কিন্তু আবারও স্বপ্ন ভঙ্গ। এবারও পারেনি বাংলাদেশ।
গতকালের ম্যাচে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে চাপের মুখে থাকা ভারতের শেষ বলে প্রয়োজন হয় পাঁচ রান। কিন্তু দিনেশ কার্তিক ছক্কায় লক্ষ্য টপকায় ভারত।




