208404

বাংলাদেশি ১৪ জনসহ ২৫ লাশ শনাক্ত

ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে ১৪ জন বাংলাদেশির লাশও রয়েছে।

নেপালে অবস্থানরত বাংলাদেশি মেডিকেল টিমের সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

শনিবার নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে পরিচয় শনাক্ত হওয়া যাত্রীদের তালিকা প্রকাশের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সোহেল মাহমুদ বলেন, নিহতদের মধ্যে মোট ২৫টি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশি, ১০ জন নেপালি ও একজন চীনা নাগরিক।

শনাক্ত হওয়া বাংলাদেশিরা হলেন- ইউএস-বাংলার উড়োজাহাজের পাইলট ক্যাপ্টেন আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশিদ, কেবিন ক্রু খাজা সাইফুল্লাহ, যাত্রী অনিরুদ্ধ জামান, তাহিরা তানভীন শশী, মিনহাজ বিন নাসির, রাকিবুল হাসান, মতিউর রহমান, রফিক উজ জামান, তামারা প্রিয়ন্ময়ী, আকতার বেগম, ইমাম হাসান, এসএম মাহমুদুর রহমান ও বিলকিস আরা।

সোহেল মাহমুদ জানান, প্রথমে নেপালি ও চীনা নাগরিকের মরদেহ স্বজনদের দেখানো হবে। তার পর শনাক্ত হওয়া বাংলাদেশি নাগরিকদের মরদেহ তাদের স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হবে।

নেপালের নাগরিকদের মধ্যে শিলা বাজগাইন, প্রসন্ন পান্ডে, আলজিনা বড়াল, বাল কৃষ্ণ থপা, হরি শংকর পদেল, প্রবীণ চিত্রকর, সঞ্জয় মহরজান, গাইনী কুমারী গুরাং, মিলি মহরজান, রামিমা লিহানীর লাশ শনাক্ত করা হয়েছে। উড়োজাহাজের একমাত্র চীনা যাত্রী জং মিংয়ের লাশও শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা ৭১ জন আরোহী নিয়ে সোমবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। এতে ৫১ জন আরোহী নিহত হন।

উড়োজাহাজে চার ক্রুসহ ৩৬ জন বাংলাদেশি ছিলেন। এদের ২৬ জনই নিহত হয়েছেন। উড়োজাহাজের ক্রুরা সবাই নিহত হন।

ad

পাঠকের মতামত