নতুন উদযাপন যুদ্ধ : ‘নাগিন নৃত্য’ বনাম ‘পুঙ্গি নাচ’
শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে বিশ্ব দেখল নতুন এক উদযাপন যুদ্ধ। লঙ্কানদের ‘পুঙ্গি’ নাচের বিপরীতে টাইগারদের ‘নাগিন নৃত্য’। উপমহাদেশের দুই দলের এই উদযাপন যুদ্ধ এখন ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচনার কেন্দ্র। তবে শেষমেশ এদিন ‘নাগিন’এর ছোবলে ধরাশায়ী হয়ে গেছে সাপুড়ের ‘পুঙ্গি’ নৃত্য। সাপুড়েদের বীণকে পুঙ্গি বলা হয়। শ্রীলঙ্কাকে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচ মানেই ভিন্নমাত্রার এক স্নায়ুযুদ্ধ। জানুয়ারিতেই বাংলাদেশে এসে তিন সংস্করণেই টাইগারদের ধরাশায়ী করে লঙ্কানরা। সেইসাথে কোচ হাথুরুসিংহের চলে যাওয়ার বিষয় নিয়ে দুই দলের ম্যাচে এখন থাকে টানটান উত্তেজনা। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে প্রথম টি-টুয়েন্টিতেই প্রথমবার ‘নাগিন নৃত্য’ দেখে ক্রিকেট বিশ্ব। ১৫ ফেব্রুয়ারি, সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে উপুল থারাঙ্গাকে আউট করে ‘নাগিন নৃত্যে’ মেতে উঠেন নাজমুল ইসলাম অপু। পরে তার সাথে যোগ দেয় দলের অন্যরা।
নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩৫ বলে অপরাজিত ৭২ রানের বিস্ফোরক এক ইনিংস খেলে দলকে জেতান মুশফিকুর রহীম। রেকর্ড-গড়া ওই জয় ‘নাগিন নৃত্য’ দিয়ে উদযাপন করেন মুশফিক। পরে যোগ দেন অন্য সতীর্থরাও। এরপরই বিখ্যাত হয়ে ওঠে টাইগারদের ‘নাগিন নৃত্য’।
শুক্রবার অঘোষিত সেমি ফাইনালে সেই উদযাপন রূপ নেয় যুদ্ধে। এদিন মুশফিক ২৮ বলে ২৫ রান করে আমিলা আপোনসোর বলে আউট হয়ে সাজঘরে ফেরত যান। আর মুশফিককে আউট করে ‘পুঙ্গি’ নাচে মেতে ওঠেন আপোনসো। এছাড়া ম্যাচে বাংলাদেশি একজন ব্যাটসম্যানকে আউট করার পর ‘নাগিন নৃত্য’ করতে দেখা যায় শ্রীলঙ্কার এক ফিল্ডারকেও। এরপর উত্তেজনাপূর্ণ ম্যাচে অবিস্মরণীয় জয়ের পর টাইগাররা মাঠে উন্মত্ত ‘নাগিন নৃত্যে’ মেতে ঐতিহাসিক এ জয় উদযাপন করেন।
এই ম্যাচে হারের মধ্য দিয়ে সিরিজ থেকে ছিটকে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। রোববার শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে আয়োজিত ত্রিদেশিয় এ টুর্নামেন্টের ফাইনালে দর্শক সারিতে থাকবে আয়োজক দেশ। আর রাবণ বধের পর এদিন ভারত বধের মহাকাব্য লিখতে মাঠে নামবে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের দল।
সূত্র : হিন্দুস্তান টাইমস।




