দোষ প্রমাণ হলে আমাকে ফাঁসি দিন: শামি
ক’দিন ধরে গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামি। ঘটনার সূত্রপাত শামির ব্যবহৃত একটি মোবাইল ফোন থেকে; ফোনটি তার স্ত্রী হাসিন জাহান পেয়েছেন শামির বিএমডব্লিউ গাড়িতে।
ফোনটি ২০১৪ সালে শামিকে উপহার দেয় দিল্লি ডেয়ার ডেভিলস। শামির স্ত্রী ফোনটি হাতে পেয়েই দেখতে পান একাধীক নারীর সঙ্গে তার স্বামীর সম্পর্কের বিষয়টি! এই দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে শামির বিরুদ্ধে থানায় মামলা করেন তিনি।এতে হুমকির মুখে পড়েছে শামির ক্রিকেট ক্যারিয়ার।
বিবাহ বর্হিভূত সম্পর্ক, খুনের চক্রান্ত, ধর্ষণ চেষ্টা- স্ত্রীর এমনই সব অভিযোগে কাবু হয়ে পড়েছেন ভারতীয় দলের এই স্পিডস্টারের। যদিও হাসিনের আনা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন শামি।
ইন্ডিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শামি বলেছেন, ‘বিসিসিআই আমার বার্ষিক চুক্তি বাতিল করেছে। দেশের জার্সি গায়ে যখনই মাঠে নেমেছি, তখনই স্বচ্ছতা নিয়ে খেলেছি। আমার যদি কোন দোষ প্রমাণ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।’
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড শামির বিরুদ্ধে আঁটঘাট বেধে নেমেছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশে বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমার শামির বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটারও তদন্ত শুরু করেছেন। এ নিয়ে শামিকে বৃহস্পতিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদও করা হয়।




