বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত
বরিশালে যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ ২ যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। তিনজনই বন্ধু। শনিবার (১৭ মার্চ) বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার রফিকুল আলমের ছেলে আশিক (২৬) ও রুইয়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে মীম (২৬)। এদের মধ্যে নিহত আশিক উজিরপুরের গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। গুরুত্বর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার বাসিন্দা ফারুক হোসেন (২৮)।
পুলিশ জানায়, তিন বন্ধু মিলে বরিশাল শহর থেকে উজিরপুরের গুঠিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলো। বেলা সাড়ে ৩টার দিকে কাশিপুর ইনফ্রা পলিটেকনিক কলেজ অতিক্রমকালে তাদের বহনকারী মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি হিমেল-হিরক নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুত্বর আহত হয়। থানা পুলিশ তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক বেলা সাড়ে ৩ টায় আশিক ও মীমকে মৃত ঘোষণা করেন।
ঘাতক বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে তাই তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।




