শাকিব-দেবের লড়াই, জিতবে কে?
বিনোদন ডেস্ক।।
পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে শাকিবের নতুন ছবি ‘চালবাজ’। ঠিক একই দিনে মুক্তি পাবে কলকাতার সুপারস্টার দেবের নতুন ছবি ‘কবির’। ফলে কলকাতার বক্স অফিসে মুখোমুখি শাকিব-দেব।
জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘চালবাজ’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। ছবিটির ট্রেলার ও একাধিক গান এরই মধ্যে প্রকাশ হয়েছে। আর তাতে ব্যাপক সাড়া মিলছে।

অন্যদিকে ‘কবির’ ছবিটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। এতে দেবের বিপরীতে অভিনয় করেছেন রুক্মিনী। এই ছবিটিও কলকাতায় ব্যাপক আলোচনায় রয়েছে। মুম্বাইয়ের একটি সন্ত্রাসবাদী এলাকার গল্পে নির্মিত হয়েছে ছবি। ফলে এখানে অ্যাকশন আর থ্রিলারের মাত্রাটা দেখা যাবে বেশি। পোস্টার, টিজার ও গানের সুবাদে ‘কবির’ও দর্শকদের আগ্রহের তালিকায় রয়েছে।
সমানভাবে আলোচনায় থাকলেও মুক্তির পর কার ঝুলিতে সাফল্য ধরা দেয়, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তাই চূড়ান্ত বিজয় কার হয়, সেটা জানা যাবে ১৩ এপ্রিলের পর।




