শাকিব অন্য নায়িকার সঙ্গে কাজ করছেন কীভাবে? : বুবলী
বিনোদন ডেস্ক।
শবনম বুবলী। জনপ্রিয় চিত্রনায়িকা। বর্তমানে ব্যস্ত আছেন বিভিন্ন ছবি নিয়ে। আর এ সব ছবিরই নায়কই শাকিব খান। শাকিব ও বিভিন্ন বিষয়ে কথা বলেছেন বুবলী।
অনেকেই বলছেন যেখানে শাকিব খান সেখানেই বুবলী!
শাকিব খান দেশে-বিদেশে অনেক হিরোইনের সঙ্গে কাজ করছেন। আমাদের নিয়ে দর্শকদের আগ্রহ বেশি বলেই হয়তো মনে হচ্ছে আমরা একসঙ্গে একটু বেশি কাজ করছি। আসলে তা কিন্তু নয়। গত দুই বছরে আমাদের মাত্র চারটা ছবি মুক্তি পেয়েছে, বাকি কাজগুলো শেষ করে আস্তে আস্তে মুক্তি পাবে। ব্যাপারটা যদি এরকম হতো ‘যেখানে শাকিব খান সেখানেই বুবলী’ তাহলে শাকিব অন্য অনেক নায়িকার সঙ্গে কাজ করছেন কীভাবে? তাই এ কথাটি ঠিক নয়।
বড় পর্দায় পাকাপোক্ত হওয়া নিয়ে কী আশাবাদী?
প্রত্যেকের একটা সময় থাকে। আসলে আমি অনেক বাস্তববাদী কিন্তু স্বপ্নচারী কিংবা উচ্চাকাঙ্ক্ষী নই। আমি আমার কষ্ট আর অধ্যবসায় চালিয়ে যাব। সামনে কী হবে, এটা নিয়ে কম ভাবি। সময়ের জবাব সময়েই পাওয়া যাবে। এ ছাড়া নাটক-টেলিফিল্ম নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। যতদিন এ ট্র্যাকে আছি ততদিন বড় পর্দায়ই কাজ করব।
চলচ্চিত্র শিল্প নিয়ে প্রত্যাশা…
সোজাসুজি বলতে চাই, আমি শো-পিস হতে চাই না। যেখানে অভিনয়দক্ষতা দেখাতে পারব সেখানে কাজ করতে চাই। শিল্পীসত্তা থেকে যদি বলি, সময় কিছুটা দায়ী। আগে গুগল-ইউটিউবের মতো তুলনা করার কিছু ছিল না। আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ছোট করার জন্য বলছি না। জাস্ট সময়ের পার্থক্য বোঝানোর জন্য বলছি। কেউ যেন আবার এ বিষয়টা নেতিবাচকভাবে গ্রহণ না করে। তখন মানুষ হলে গিয়ে সিনেমা দেখত। এখন দর্শক কেমন যেন হলমুখী নয়। ছবি মুক্তির কয়েকদিনের মধ্যেই ঘরে বসে মোবাইলে ডাউনলোড করে দেখে ফেলেন দর্শকরা। এতে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই বলতে চাই, সময় কিছুটা হলেও দায়ী।




