যে কারণে প্রকাশ হয়নি ‘পোড়ামন ২’ এর গান
কথা ছিল চলতি সপ্তাহেই প্রকাশ হবে ‘পোড়ামন ২’ সিনেমার প্রথম গান। পরিচালক রায়হান রাফির এমন ঘোষণায় প্রতীক্ষার দিন গুণছিলেন ঢালিউড দর্শকরা। কিন্তু সপ্তাহ শেষ হতে চললেও প্রকাশ হয়নি গানটি। কেন?
তার জবাব দিলেন রায়হান রাফি। পরিবর্তন ডটকমকে তিনি জানালেন, সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫১ জন বাংলাদেশি ও বিদেশি নিহত হন। এ কারণে পূর্ব নির্ধারিত দিনে গান প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
বৃহস্পতিবার এ দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশব্যাপী শোক দিবস পালন করা হচ্ছে। এছাড়া শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।
বিষয়টি উল্লেখ করে রাফি আরো বলেন, ‘নিহতদের সম্মানে গান প্রকাশ আমরা দুদিন পিছিয়ে দিয়েছি।’
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’। এটি রাফির প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এর আগে স্বল্পদৈর্ঘ্য সিনেমা তৈরি করে হাত পাকিয়েছেন তিনি।
রাফি জানান, দুটি গান প্রকাশের পর দর্শকদের উপহার দেবেন ‘পোড়ামন ২’ এর ট্রেলার।
ইতোমধ্যে প্রকাশ হওয়া সিনেমাটির চার পোস্টার দর্শকদের মনোযোগ কেড়েছে।
মেহেরপুর, সুনামগঞ্জের বেশ কিছু লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পূজা ও টিভিপাড়ার চেনা মুখ সিয়াম আহমেদ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাপ্পারাজ।
২০১৩ সালে জাকির হোসেন রাজু পরিচালনায় ‘পোড়ামন’ মুক্তি পায়, যার প্রধান চরিত্রে অভিনয় করেন মাহি ও সাইমন সাদিক। দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেকটি দারুণভাবে ব্যবসাসফল হয়।
তবে আগেরটি মতো শুধুমাত্র কাহিনি ট্র্যাজেডি দিয়ে শেষ হবে ‘পোড়ামন ২’, বাকি কোনো কিছুর মিল থাকবে না বলে দাবি রাফির। আরো জানান, নতুন সিনেমাটি মৌলিক কাহিনিতে নির্মিত হয়েছে।
পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাবে ‘পোড়ামন ২’।









