207731

মায়ের সঙ্গে বাজারে এসে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

আদরের শিশু সন্তানকে নিয়ে বাজারে এসেছিলেন মা। কিন্তু সে আসাই তার জন্য হয়ে থাকলো আজন্ম হাহাকারের কারণ। রাস্তা পারাপারের সময় দানব ইজিবাইক চাপা দেয় মায়ের হাত ধরে থাকা শিশুকে। হতবিহ্বল মা দেখলেন প্রিয় সন্তানের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে ব্যস্ত সড়কে!

মায়ের সামনেই ইজিবাইক চাপায় সন্তানের মর্মান্তিক মৃত্যুর এ ঘটনাটি ঘটেছে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজারে। আজ বৃহস্পতিবার ১৫ মার্চ বিকেলের এ ঘটনায় সাহেব বাজার এলাকায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহত শিশুটির নাম আল-আমিন (৭)। সে ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন ও রোকসানা আক্তার দম্পতির সন্তান। আল-আমিন শাহদৌলতপুর ইকরা স্কুলের নার্সারি শাখার ছাত্র ছিল।

জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামে আনোয়ার হোসেনের স্ত্রী রোকসানা আক্তার তাঁর ৭ বছরের শিশু সন্তান আল-আমিনকে নিয়ে একই ইউনিয়নের সাহেব বাজারে যায়। বিকেল ৪টায় রোকসানা আক্তার শিশু সন্তান আল-আমিনকে নিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অটোরিকশা শিশু আল-আমিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর অটোরিকশাচালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই মহিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ইজিবাইক চালক পালিয়ে যায়। নিহতের পরিবার শিশুটির লাশ বাড়িতে নিয়ে গেছে।

ad

পাঠকের মতামত