ধর্ষণ অতঃপর হত্যা, কবরস্থানে বস্তাবন্দি লাশ!
নগরীর কাশিপুর গনপাড়া এলাকায় একটি পারিবারিক কবরস্থান থেকে বস্তাবন্দি অবস্থায় সিমা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দু’দিন আগে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী।
মঙ্গলবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে স্থানীয়রা গনপাড়ার হালিম মাস্টারের পারিবারিক কবরস্থানে বস্তাবন্দি মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিমা গনপাড়া এলাকার আব্দুল জব্বারের মেয়ে ও পূর্বগনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ধর্ষণের পর সিমাকে হত্যা করে মৃতদেহ কবরস্থানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় গনপাড়া এলাকার আ. ওহাব খানের ছেলে ট্রাকের হেলপার কালু খানকে আটক করেছে পুলিশ।
বিমানবন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গত রোববার স্কুল বিরতির পর নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা ওই দিনই থানায় সাধারণ ডায়েরি করেন। মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর সিমাকে হত্যা করা হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর কালু খান নামে এক ট্রাক হেলপারের বাড়ি থেকে সিমার স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।




