বেঁচে যাওয়া রিপন এখনো চোখ মেলতে পারছে না
নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় যে কয়জন জীবিত রয়েছেন তাদের মধ্যে একজন সৌভাগ্যবান হলেন ইয়াকুব আলী রিপন। তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামের ইউনুছ বেপারীর ছেলে। রিপন বর্তমানে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার স্বজনেরা।
উল্লেখ্য, সোমবার ইউএস-বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ ৭১ জন আরোহী ছিলেন। এরমধ্যে কমপক্ষে ৫০ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২১ জন।
এরআগে উড়োজাহাজটি ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়।
এই উড়োজাহাজের যাত্রী ছিলেন রিপন। তিনি সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

রিপনের এক নিকটাত্মীয় আরিফ ইসলাম বলেন, রিপন বর্তমানে আঙুল নড়াচড়া করতে পারছে। কিন্তু এখনো চোখ মেলাতে পারছে না।
রিপন ৬ ভাই-বোনের মধ্যে সবার বড়। প্রায় ৮ বছর আগে আঁখি আক্তারের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ইয়ানুর নামের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
স্ত্রী সন্তান নিয়ে রিপন ঢাকার মোহাম্মদপুরের আদাবর এলাকার প্রবাল হাউজিংয়ের ২ নম্বর রোডের ৪২/সি নম্বর বাসায় বসবাস করেন।
তিনি মোহাম্মদপুর টোকিও প্লাজার ১৫৭নং দোকানের ব্রাদাস দ্য সপ কসমেটিক্স নামের একটি দোকানের স্বত্ত্বাধিকারী।
রিপনের ছোট ভাই টিপু বেপারী বলেন, মঙ্গলবার তার ছোট ভাই দীপু বেপারী সরকারি প্রতিনিধি দলের সাথে নেপাল গেছেন। সে দুপুর ১টার দিকে ফোন করে জানায়, বড় ভাই রিপন নেপালের কাঠমান্ডু এলাকার নবলিব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, দীপু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানতে পেরেছে বড় ভাই রিপন আইসিইউতে আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।
তিনি বলেন, বড় ভাইযের শারীরিক অবস্থা আরো উন্নত হয়েছে, সবার কাছে দোয়া প্রার্থনা করেছি।




