শেষ হইয়াও হইল না শেষ!
ডেস্ক রিপোর্ট।।
একফ্রেমে অপু বিশ্বাস ও শাকিব খান (ছবিটি এখন শুধুই স্মৃতি)জনপ্রিয় তারকা দম্পতি শাকিব খান-অপু বিশ্বাস অধ্যায় শেষ হয়েও হচ্ছে না। আগে বলা হয়েছিল, গত সোমবার থেকে তাদের ডিভোর্স কার্যকর হয়েছে। কিন্তু মঙ্গলবার শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং অপু বিশ্বাস। কারন তালকানামার আবেদনে যে স্বাক্ষর রয়েছে সেটি শাকিবের নয় বলে দাবি করেছেন তিনি।
এ প্রসঙ্গে অপু বলেন, ‘বিয়ে আর ডিভোর্স কীভাবে হলো দুইটাই আমার কাছে অজানা। কারণ বিয়ের কোনো কাগজপত্র আমার কাছে নেই। এমনকি এগুলো শাকিব খান কখনও আমাকে দেখাননি। তা ছাড়া শাকিবের ডিভোর্স আবেদনে যে স্বাক্ষর দেয়া হয়েছে, তা শাকিবের নয় বলে আমার দৃঢ় বিশ্বাস। তাই দুটো বিষয় নিয়ে আমার কাছে ধোঁয়াশা তৈরি করেছে। তবে এ বিষয়টি নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না।’
এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, ‘অপু বিশ্বাস দাবি করেছেন শাকিবের আবেদনে যে স্বাক্ষর রয়েছে তা শাকিবের নয়। স্বাক্ষরটি শাকিবের কী না সেই ব্যাপারে আমরাও নিশ্চিত হতে পারিনি। শাকিব ও তার উকিলকে বেশ কয়েকবার তলব করেও এ ব্যাপারে কোনো সদুত্তর মিলেনি।
তাই অপু যদি চ্যালেঞ্জ করেন এবং স্বাক্ষরটি শাকিবের নয় বলে প্রমাণ হয় তবে ডিভোর্স আবেদন বাতিল হয়ে যাবে। তা ছাড়া একটি ডিভোর্স কার্যকর করার জন্য যেসব তথ্য ও প্রমাণ দরকার তার অনেক কিছুই শাকিব খান প্রদান করেননি। এটা নিতান্ত্মই নির্ভর করছে অপু বিশ্বাসের উপর। কারণ তিনি সংসার টিকিয়ে রাখতে চ্যালেঞ্জ জানাতে পারেন বা পারিবারিক আদালতে মামলা করতেও পারেন কিংবা নাও করতে পারেন। সেটা তার সিদ্ধান্ত্ম।
আর যদি মেনে নেন তবে ডিভোর্স কার্যকর হয়ে গেছে। যে কোনো সময় এসে শাকিব খান বা অপু বিশ্বাস তাদের ডিভোর্সের সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।’
গত বছরের ২২ নভেম্বর অপুকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠান শাকিব। এরপর ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন সালিশি বৈঠকের জন্য দুইবার ডাকেন। এতেও কোনো সুরাহা হয়নি।
পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ডিভোর্সের তৃতীয় ও শেষ শুনানি ছিল গত সোমবার। কিন্তু এতে শাকিব খান কিংবা অপু বিশ্বাস কেউ-ই উপস্থিত হননি। দুই পক্ষের প্রতিনিধি হিসেবেও কেউ ছিলেন না। তাই আইন অনুযায়ী শাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিভোর্স চূড়ান্ত্ম হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এই দুই তারকার। এখন থেকে আর স্বামী-স্ত্রী নন শাকিব-অপু।
শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়। প্রায় বছরখানেক আগে অপু বিশ্বাস সংবাদমাধ্যমে তাদের বিয়ের খবর জানান। এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কটা ভালো যাচ্ছিল না।




