206798

নৌকাতেই বাসর

ডেস্ক রিপোর্ট।।

তারা জেলে। নৌকাতে তাদের জন্ম। নৌকাতেই ঘর-বাড়ি। জীবনযাপনের কিছুই যেন নৌকার বাইরে নয়। আনুষ্ঠানিক বিয়ের কোনো রেওয়াজ নেই তাদের। দুপক্ষের মতামতের ভিত্তিতে নৌকাতে অনানুষ্ঠানিক বিয়ে হয় তাদের।

এই প্রথম আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। বর আসবে। কাগজের ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে জেলেপল্লীর আশপাশের নৌকাগুলো। খোলা আকাশের নিচে তৈরি করা হয়েছে তোরণ। জেলেপল্লীতে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ নয়ন ও আছমা বেগম।

বর নয়ন রায়পুর হাজীমারা গ্রামের মো. শাহজাহানের ছেলে। কনে আছমা একই এলাকার বাবুল সর্দারের মেয়ে। তারা বেশ কয়েক বছর ধরে কমলনগরের মতির হাটে বসবাস করছেন। গতকাল সোমবার রাতে নৌকাতে তাদের বাসর হয়েছে।

এর আগে রোববার দুপুরে বৌভাতের অনুষ্ঠান হয়। এতে স্থানীয় ও উভয়পক্ষের দুই শতাধিক অতিথি অংশ নেন। লক্ষ্মীপুরের কমলগরের মতিরহাট মেঘনা নদীর তীরে নিজেদের উদ্যোগে এ আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠানও করেন তারা। ব্যতিক্রমী এ আয়োজন উদযাপন করেন গ্রামের তরুণ-তরুণী আর গৃহবধূরা। রাতভর আনন্দে মেতে থাকেন জেলেরা। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মেহদী হাছান লিটন, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, ব্যবসায়ী সারু মিয়া, মাছ ব্যবসায়ী ফয়েজ, মালেক মিয়া, মো. খোকন ও ফারুক হোসেন।

মতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম জানান, জেলেদের এমন বিয়ে আর হয়নি। মতিরহাটের জন্য আনুষ্ঠানিক বিয়ে এই প্রথম। উৎস: পরিবর্তন

ad

পাঠকের মতামত