মধুচন্দ্রিমা হলো না নব দম্পতির
নিউজ ডেস্ক।।
১৩ দিন আগে বিয়ে হয়েছিল আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে হানিমুনের উদ্দেশে রওনা দেন তারা। তবে নব এই দম্পতির মধুচন্দ্রিমা আর করা হয় নি।
ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে ওঠেন আঁখি ও মিনহাজ। সময়মতো কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছান। কিন্তু বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে বিমানেই প্রাণ হারান তারা।
জানা গেছে, নিহত নবদম্পতি আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের বাসা রাজধানীর মহাখালীতে। কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার পর আঁখি ও মিনহাজের মোবাইল ফোন থেকেই দেশে তাদের মৃত্যুর খবর আসে। বর্তমানে তাঁদের ঠাই হয়েছে কাঠমান্ডুর হাসপাতালের মর্গে।
গত ২৮ ফেব্রুয়ারি হলুদ আর ৩ মার্চ রিসিপশন হয় আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানের পর পরিবারের উদ্যোগে তাদের নেপালে হানিমুনে পাঠানো হয়।
সোমবার বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২২ জন।




