207039

নিহত প্রত্যেকের পরিবার পাবে ২১ লাখ টাকা

নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে নিহত যাত্রীদের প্রত্যেক পরিবার সর্বনিম্ন ২৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২১ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। ইউএস বাংলা-এয়ারলাইন্স প্রতিটি যাত্রীর বীমা করেছে। প্রতিটি যাত্রী ক্ষতিপূরণ হিসেবে বীমার এই টাকা পাবেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোহসীন এসব কথা জানান।

তিনি জানান, নেপালের দুর্ঘটনায় নিহতদের ব্যক্তির স্বজনদের মানসিক ট্রমা সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রথমবারের মতো বিমানবন্দরে একটি কন্ট্রোল রুম খুলেছি। সেখানে আমাদের প্রশিক্ষিত লোক রয়েছে।

তিনি বলেন, কন্ট্রোল সেন্টারের দায়িত্বে রয়েছেন ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ইউসুফ আলী। এছাড়া এই কাজের জন্য আমাদের ৭১ জন প্রশিক্ষিত লোকবল আছে। যারা সবাই উপসচিব পর্যায়ের। এই কন্ট্রোল রুমটি বিমানবন্দরের নিচ তলায় চামেলী হলের পাশে খোলা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া উড়োজাহাজটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটার দিকে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

বিমানটি রানওয়েতে অবতরণের সময় বিমানটির এক পাশে কাত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। এ ঘটনায় ৪৯ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

বিমানটিতে ৬৭ জন যাত্রী ও ৪ জন ক্রুসহ ৭১ জন আরোহী ছিল। এর মধ্যে দুই শিশুসহ ৩৩ জন বাংলাদেশি, একজন মালদ্বীপ, একজন চাইনিজ এবং নেপালি ৩২ যাত্রী ছিলেন।

ad

পাঠকের মতামত