শাকিবের মত ডিসেন্ট হিরো আমি খুব কম দেখেছি: পায়েল
অনেক দিন ধরেই আলোচনায় নেই পায়েল সরকার। তাঁর সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিল তিন বছর আগে—‘যমের রাজা দিল বর’।
রাজ চক্রবর্তী-শুভশ্রী গাঙ্গুলীর বিয়ের ইস্যু ধরে সংবাদকর্মীরা বারবার টেনে আনছেন তাঁকে। কারণ রাজের সাবেক প্রেমিকাদের একজন ‘প্রেম আমার’ অভিনেত্রী। ‘আনন্দবাজার’-এর সঙ্গে আলাপচারিতায় সেসব প্রসঙ্গই বেশি এসেছে।
বললেন, রাজের ফোন নম্বর নেই তাঁর কাছে, তবে শুভশ্রীর সঙ্গে যোগাযোগ আছে। নতুন কাজের কথাও বললেন। হাতে আছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মুখোমুখি’ ও ‘গুড নাইট সিটি’ এবং জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’। শেষের ছবিটায় বাংলাদেশের শাকিব খানের দুই নায়িকার একজন পায়েল। প্রথমবার অভিনয় করছেন বাংলাদেশের সুপারস্টারের সঙ্গে।
সাক্ষাৎকারে প্রাণখুলে প্রশংসা করলেন শাকিবের, ‘ওরকম ডিসেন্ট হিরো আমি খুব কম দেখেছি। কী যে ভালো দেখতে! সহ-অভিনেতাকে খুব সম্মান করেন।’




