ইউএস বাংলার বিমান বিধ্বস্ত: স্টেশন ম্যানেজার যেসব তথ্য জানালেন
নিউজ ডেস্ক।।
নেপালে বিমান দুর্ঘটনার বিষয়ে সেখানে কর্মরত স্টেশন ম্যানেজার মোহাম্মদ সেলিম তাৎক্ষণিকভাবে জানিয়েছেন, নেপালের কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ার লাইন্সের বিধ্বস্ত হওয়ার ফলে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। কি কারণে বিমান বিধ্বস্ত হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যতদূর জানা গেছে বিধ্বস্তের আগে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বন্ধ হয়ে যায়।’ তবে ঠিক কি কারণে বিমান বিধ্বস্ত হলো তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
স্টেশন ম্যানেজার মোহাম্মদ সেলিম জানান, বিমানটিতে লেগে যাওয়া আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। সেনাবাহিনীসহ দমকল কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। প্রতি সপ্তাহে নেপালে বাংলাদেশ বিমানের ৪ টি এবং ইউএস বাংলার ৪ টি বিমান আসা যাওয়া যাওয়া করে বলেও জানান তিনি। সেলিম জানান, নেপালের প্রধানমন্ত্রী ঘটনাস্থলে গেছেন।
দুর্ঘটনার পর ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয় নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুরেশ আচার্য’র তরফ থেকে। তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন স্থানীয় সময় দুপুর ২:২০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ, দমকল বাহিনী এবং নেপাল সেনাবাহিনীর তরফ থেকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
৭৮ আসনের বিমানটিতে যাত্রী ছিলেন ৬৭ জন। ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন।




