206358

শাকিব-অপুর চূড়ান্ত বিচ্ছেদ

আজ চূড়ান্ত বিচ্ছেদ ঘটছে আলোচিত তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের। আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হবে। যদিও আইন অনুযায়ী ২২ ফেব্রুয়ারি থেকেই আর স্বামী-স্ত্রী নন তারা। গেল বছরের ২২ নভেম্বর আইনজীবী শেখ সিরাজুল ইসলামের মাধ্যমে অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠান শাকিব খান। নিয়ম অনুযায়ী ওইদিন থেকে ৩ মাস অর্থাৎ ৯০ দিন সময় ছিল এই তালাক কার্যকর হতে। সেই হিসাবে গত ২২ ফেব্রুয়ারি পূর্ণ হলো ৩ মাস। ফলে তখন থেকেই সাবেক তারকা দম্পতি শাকিব-অপু।

কিন্তু হাই প্রোফাইল এই সংসার টিকাতে নতুন শুনানির তারিখ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ ১২ মার্চ নতুন শুনানির দিন ধার্য করেছে সিটি করপোরেশন। তাদের হিসাব অনুযায়ী আজই নাকি তালাক কার্যকর হবে। এ বিষয়ে কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। তিনি বলেন, ‘শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হবে আজ। তালাক কার্যকরের বিষয়ে আজ সবকিছু চূড়ান্ত হবে।’ যদিও এ বিষয়ে কোনো কথা বলেননি শাকিব কিংবা অপু।

এর আগেও সমঝোতা বৈঠকের আয়োজন করেছিল সিটি করপোরেশন। অপু বিশ্বাস তালাকের নোটিশ হাতে পাওয়ার পর ১২ জানুয়ারি ডিএনসিসি প্রথম সালিশি বৈঠকের আয়োজন করে। প্রথম বৈঠকে অপু উপস্থিত থাকলেও শুটিংয়ের ব্যস্ততায় থাকতে পারেননি শাকিব। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন না শাকিব ও অপু। ওই সময় শাকিব শুটিংয়ে ছিলেন অস্ট্রেলিয়ায়। তবে দেশে থাকলেও বৈঠকে যাননি অপু। সমঝোতার কোনো সুযোগ নেই দেখে অপুও বিচ্ছেদ মেনে নেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন ঢাকাই ছবির এক সময়ের হিট জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়ের। দীর্ঘদিন এসব খবর অপ্রকাশিত থাকে। গত বছরের এপ্রিলে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। সন্তানকেও সবার সামনে নিয়ে আসেন। এরপর অবশ্য বেশ কিছুদিন শাকিব ও অপুকে একসঙ্গে দেখা গেছে। তবে বেশিদিন তারা এক থাকেননি। বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয় দুজনের। সেসব মিডিয়াতে নিয়মিতই প্রকাশিত হয়। তারই পরিপ্রেক্ষিতে শাকিব খান ৩ মাস আগে ডিভোর্স নোটিশ পাঠান অপুর কাছে। এরপর অপু বিভিন্নভাবে চেষ্টা করেছেন সংসার টিকিয়ে রাখতে। কিন্তু সেটা হয়নি। কারণ শাকিব চাননি সংসার টিকিয়ে রাখতে। শেষ পর্যন্ত অপুও জানিয়েছেন তিনি ডিভোর্স মেনে নিয়েছেন। এমনকি শাকিবকে নিয়ে নানা মন্তব্যও করেছেন তিনি। যদিও সেসব মন্তব্যের বিপরীতে শাকিব কোনো কথাই বলেননি।

ad

পাঠকের মতামত