মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে হাজারো ঘর
মিরপুর ১২ নম্বর সেকশনের ইয়াসিন আলী মোল্লার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে প্রায় দুই হাজার ঘর ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিটের চেষ্টায় আজ সোমবার সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে ভোর ৪টার দিকে ওই বস্তির উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে তা দক্ষিণ দিকে ছড়িয়ে পরে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, এলাকাবাসীর সহায়তায় সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তাদের ২৩টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের পরিচালক জানান, বস্তির বাসিন্দারা বেশিরভাগই পোশাক শ্রমিক। তাদের ঘরে প্রচুর পরিমাণে ঝুট ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
মেজর শাকিল আরও বলেন, বস্তিতে যাওয়ার রাস্তাগুলো খুবই সরু। এ কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলোর ঘটনাস্থলে যেতে অনেক সময় লেগে গেছে। তা ছাড়া বাইরে বাতাসও ছিল। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে।
হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি মেজর শাকিল। তবে এক নারীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।




