বিমান বিধ্বস্ত: পাইলট জীবিত, মারা গেছেন কো-পাইলট
নিউজ ডেস্ক।।
নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলট জীবিত রয়েছেন। তবে দুর্ঘটনায় নিহত হয়েছেন তার সহযোগী বিমানটির কো-পাইলট। ঢাকার ইউএস-বাংলা কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
দুর্ঘটনাকবলিত বিমানের পাইলটের নাম ক্যাপ্টেন আবির। কো-পাইলন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পৃথুলা রশিদ।
ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়, বিমানটিতে ৬৭ জন যাত্রী ও চারজন বিমানকর্মী ছিল। তাদের মধ্যে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ সোমবার এসটু-এইউজি মডেলের ৭৮ সিটের ওই বিমানটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওয়ানা দেয়। দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধারকাজে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মী ও সেনা সদস্যরা। এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানের উদ্ধারকাজ চলছে।
ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়, বিমানটিতে ৬৭ জন যাত্রী ও চারজন বিমানকর্মী ছিল। যাত্রীদের মধ্যে ৪০ জন বাংলাদেশ, ২০ জন নেপাল ও সাতজন অন্যান্য দেশের নাগরিক ছিল বলে ধারণা করা হচ্ছে।
নেপালের বেসরকারি বিমানচলাচল কর্তৃপক্ষের প্রধান সঞ্জীব গৌতম জানান, বিমানটি রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায়। ধারণা করা হচ্ছে সেটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল। তবে বিমানটি বিধ্বস্তের প্রকৃত কারণ উদঘাটনের কারণ জানার চেষ্টা চলছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু টাইমসে প্রকাশিত এক ভিডিওতে ত্রিভুবন বিমানবন্দরের রানওয়েতে ধোঁয়া উড়তে দেখা যায়। সেখানে সেনা সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়।




