সুইসাইড নোটে যা লিখে গেল এই তরুণী!
প্রায়ই মিডিয়া জগতের কর্মীদের আত্মহত্যা করার ঘটনা ঘটছে। অনেক স্বপ্ন দেখে মিডিয়াতে পা রেখে যখন আর কাঙ্ক্ষিত স্বপ্নটি পূর্ণ হয় না। ঠিক তখনই মৃত্যুর পথ বেছে নেয় তারা। এই ধারায় কলকাতার মৌমিতা সাহা নামের উঠতি অভিনেত্রীটির ক্ষেত্রেও কি তেমন ঘটনাটিই ঘটলো।
শুক্রবার (৯ মার্চ) দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাট থেকে উঠতি অভিনেত্রী মৌমিতা সাহার (২৩) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
সেই সঙ্গে মৌমিতার নিথর দেহের পাশে পরে থাকা একটি সুইসাইড নোট মিলেছে। তাতে বাবা-মার উদ্দেশ্যে লেখা, আমার আর অভিনেত্রী হওয়া হল না। তোমাদের আশা পূরণ করতে পারিনি। আমি চলে গেলাম।
এ ঘটনায় পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে, মানসিক অবসাদের জেরেই ওই তরুণী আত্মহত্যা করেছেন।
টলিউডে মডেলিং ও অভিনয়ের সূত্রে বছর দুই আগে থেকে রিজেন্ট পার্ক থানা এলাকার অশোকনগরে ভাড়া বাড়িতে একাই থাকতেন হুগলির ব্যান্ডেলের বাসিন্দা মৌমিতা সাহা। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অনেক ডাকাডাকির পরেও মৌমিতা দরজা না খোলায় প্রতিবেশীদের সাহায্যে বাড়িওয়ালা দরজা ভাঙেন। এ সময় ভিতরে ঢুকতেই গলায় ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌমিতাকে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, রুপালি পর্দায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য গত দুই বছর ধরে চেষ্টা চালাচ্ছিলেন মৌমিতা। দু-একটি সিনেমা ও সিরিয়ালের পার্শ্বচরিত্রে অভিনয়ও করেন। তবে তেমন করে ব্রেক-থ্রু পাননি। তাতে পরিবারের চাপ বাড়ছিল মৌমিতার ওপর। শুক্রবার (৯ মার্চ) মায়ের সঙ্গে এ নিয়ে কথা হয়। যদিও তা নিয়ে গণমাধ্যমকে কিছু বলতে নারাজ মৌমিতার পরিবার।




